ভোলায় রেইজ প্রকল্পের শিক্ষানবিশদের সঙ্গে জিজেইউএস’র মতবিনিময় সভা
ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার বিকল্প নেই। জরুরি পরিস্থিতিতে কীভাবে নিরাপদে সরে যেতে হবে, আগুন নিয়ন্ত্রণে আনতে হবে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিতে হবে, তা হাতে-কলমে তুলে ধরা হয়েছে ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের কর্মসূচিতে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। মহড়ায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ, আগুন নিয়ন্ত্রণ এবং আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। মাঠের চারপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এসব কার্যক্রম পর্যবেক্ষণ করে।
মহড়ায় দেখা যায়, উঁচু ভবনের ছাদে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিচে নামানো হচ্ছে। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বেচ্ছাসেবীরা অসুস্থ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আগুনে জ্বলতে থাকা ঘরে পানি ছিটিয়ে আগুন নেভানো এবং অসতর্কতাবশত গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে আনার কৌশলও প্রদর্শন করা হয়।
দুর্যোগ মোকাবিলায় বাস্তব প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এ মহড়ার মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম সতর্কবার্তা, সঠিক প্রস্তুতি ও জনসচেতনতার মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম ছালেহ উদ্দিন এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ খালেদা খানম বক্তব্য দেন।
আলোচনায় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কবার্তা প্রচার, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) সিএআরআই প্রকল্প, কোস্ট ফাউন্ডেশন, আভাস, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনাল, পিসিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা ভোলায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রস্তুতি এবং নিয়মিত মহড়ার গুরুত্ব তুলে ধরা হয় কর্মসূচিতে।
