সর্বশেষঃ

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলকে ভর্তি করা হয়।

সাইফুলের চিকিৎসা সম্পর্কে ডাক্তার নুরুজ্জামান জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং তার চিকিৎসার কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার ব্যবস্থা গ্রহনসহ সার্বিক খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানে নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।