সর্বশেষঃ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় দুই আড়তদারকে জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা থেকে ইলিশ ধরে মজুতের অপরাধে দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুর সদরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযানটি চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি বলেন, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।