সর্বশেষঃ

লালমোহন-চরফ্যাশনে ৮৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার-৪

ভোলার বাণী রিপোর্ট ॥
ভোলার লালমোহন ও চরফ্যাশনে পৃথক মাদকবিরোধী অভিযানে ৮৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও চরফ্যাশন থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
লালমোহনে ৩৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার দুজন হলেন-ভোলা পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু ইউসুফের নেতৃত্বে একটি দল লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির এসআই মো. আবু ইউসুফ জানান, আটক জাহিদুল ইসলাম রাকিব লালমোহন পৌরসভার স্টোরকিপার হিসেবে কর্মরত। নূরুল ইসলাম চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো নিয়ে তার কাছে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।


অন্যদিকে, চরফ্যাশনে ৫০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—চরফ্যাশন পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মো. হোসেনের ছেলে মো. হাছনাইন (২৬) এবং পৌরসভার ৩নং ওয়ার্ডের আহমদউল্লাহর ছেলে মো. হাফেজ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে চরফ্যাশন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সোহেল কামালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।