বোরহানউদ্দিনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলার বাণী ডেস্ক ॥

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জিএমপি’র মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ জামাল (৫০)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর কোরালিয়া গ্রামের মোঃ ইউনুসের ছেলে।

বৃহস্পতিবার রাতে পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) মোঃ নাজির হোসেন সঙ্গীয় ফোর্সসহ তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোহাম্মদপুর র‌্যাব-০২-এর সদস্যরাও সহায়তা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দাঃ মাঃ ১৩৬/১৩ ও কাফরুল থানার ৩৫(৫)১৩ নম্বর মামলার সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ জামালকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত জামালের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অপরাধ দমনে ভোলা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।