সর্বশেষঃ

প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

সৌদি আরবে সোফা কারখানায় আগুন : ১৬ বাংলাদেশির মৃত্যু

ভোলার বাণী ডেস্ক ॥
সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানাটিতে ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। ১৭ জনের মধ্যে ১৬ জন কেউ আগুনে দগ্ধ হয়ে আবার কেউ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। বাকি একজন হাবিবুর রহমান সেলুনে শেভ করতে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না বলে বেঁচে যান।
নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায়। বাকি তিন জনের দুজন নাটোরের এবং একজন রাজশাহীর বাগমারা থানার বাসিন্দা বলে জানা গেছে। দুপুরে আগুন লাগলেও রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস ও প্রশাসনের সহযোগিতায় অগ্নিকাণ্ড থামানো সম্ভব হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে রাত ১১টার দিকে কিং সৌদ হসপিটালে মর্গে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অপরদিকে এই অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, রিয়াদের মুসা সানাইয়ায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী হতাহত হয়েছেন মর্মে খবর পাওয়া গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করে। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, আইনি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।
প্রধানমন্ত্রীর শোক : সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং রিয়াদস্থ বাংলাদেশ মিশনকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। রবিবার রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।