সর্বশেষঃ

আবারও ডুবল মনপুরা, জলাবদ্ধতায় দুর্ভোগে হাজারো মানুষ

মনপুরা প্রতিনিধি ॥
প্রকৃতির একের পর এক বৈরী আচরণে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা। কিছুদিন আগেই টানা ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে দীর্ঘদিন জলাবদ্ধতার মধ্যে মানবেতর জীবন কাটিয়েছিল হাজারো পরিবার। সেই দুর্ভোগ কাটতে না কাটতেই বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। সকাল থেকে চলা টানা বর্ষণে মনপুরার বিভিন্ন নিম্নাঞ্চল, বসতবাড়ি ও সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাড়ির আঙিনা ও উঠান ডুবে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাড়ির ভেতর দিয়েই পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়দের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ আগেও দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় চরম দুর্ভোগে কাটাতে হয়েছিল তাদের। সেই পরিস্থিতি থেকে পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই আবারও টানা বর্ষণে একই সংকটের মুখে পড়েছেন তারা। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দ্বীপবাসী।
এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা বলেন, উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেসব এলাকায় জলাবদ্ধতা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেসব এলাকার খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় সহায়তা এবং জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তা নিয়ে দাঁড়াবে।
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই দ্বীপ উপজেলার মানুষ এখন বৃষ্টির তীব্রতা কমার অপেক্ষায় দিন গুনছেন। তাদের দাবি, বারবার একই সংকটে পড়া থেকে মুক্তি দিতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।