সর্বশেষঃ

বিমানবন্দরে শিশু উদ্ধার ॥ খোঁজ মিলেছে সেই মায়ের

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে পালিয়ে যাওয়া সেই সৌদি প্রবাসী মায়ের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। ওই মায়ের অবস্থানও নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু যেহেতু তিনি নিজে থেকে শিশুটিকে ফেলে গেছেন এবং স্বইচ্ছায় শিশুটিকে নিতে যোগাযোগ করেননি এজন্য তাকে খুঁজে বের করা হচ্ছেনা। এরমধ্যে যদি তিনি নিজের থেকে বাচ্চাটিকে ফেরত নিতে আগ্রহী হন সে বিষয়টিকেই প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। ইতিমধ্যে বাচ্চাটিকে দত্তক নিতে নিয়ম মেনে যোগাযোগ করছে অনেকেই।
এদিকে, শিশুটিকে এখনো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে সুস্থতার কাজ চলছে। ঢামেক কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটি শারীরিক অবস্থা ভালো আছে। তাকে আজকালের (রবিবার বা সোমবার) মধ্যে আজিমপুর শিশু নিবাসে পাঠানো হবে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, শিশুটির মায়ের পরিচয় ও অবস্থান শনাক্ত করা গেছে। তিনি শ্রমিক হিসাবে সৌদি আরব গিয়েছিলেন। যেহেতু তিনি সামাজিক সম্মানের কথা চিন্তা করে শিশুটিকে ফেলে গেছেন, সেহেতু শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছেনা। পাশাপাশি তার সামাজিক অবস্থান যাতে নষ্ট না হয় সে কথা ভেবে তার ও শিশুটির নাম পরিচয় প্রকাশ করা হচ্ছেনা। ওই নারী যদি স্বইচ্ছায় শিশুটিকে নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই সেটিকে প্রাধান্য দেয়া হবে। যদি তিনি নিতে না আসেন, তাহলে সমাজ সেবা অধিদপ্তর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবে। ইতিমধ্যে অনেকেই শিশুটিকে দত্তক নিতে নিয়ম মেনে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শিশুটির নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো ভালো কোনো পরিবারের কাছে শিশুটি দত্তক দেয়া হবে। তবে, এটি একান্তই সমাজসেবা অধিদপ্তরের বিষয়।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ঢামেকে ভর্তি করা হয় শিশুটিকে। তখন শিশুটির কিছুটা ঠা-া কাশি ছিল। তাকে এ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে। এখন অনেকটাই ভাল আছে সে। পুরাপুরি সুস্থ হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে আজিমপুর শিশু নিবাসে পাঠিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে একটি ট্রলির মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করে এপিবিএন। এরআগে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সৌদি আরব থেকে ওই শিশুকে নিয়ে ঢাকায় আসেন এক নারী। সারারাত বিমানবন্দরে অপেক্ষার পর সকাল ৮টার দিকে শিশুটিকে ফেলে পালিয়ে যান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।