তদন্ত কমিটি গঠন
কাঠগড়ায় ফোনে কথা বললেন বরখাস্ত ওসি প্রদীপ ॥ ৩ পুলিশ প্রত্যাহার

কাঠগড়ায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের ফোনালাপের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের সময় মুঠোফোনে কথা বলছিলেন প্রদীপ। এ ঘটনায় তাকে সতর্ক করে দিয়েছেন আদালত।
বুধবার সকালে জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান বলেন, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। আসামি প্রদীপের কাছে আদালতে কীভাবে মুঠোফোন গেল, তা তদন্ত করা হবে।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন এসআই শাহাব উদ্দিন, কনস্টেবল আবদুস সালাম ও আবদুল কাদের। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সুপার (সদর সার্কেল) পঙ্কজ বড়ুয়া। অপর দুই সদস্য হলেন জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহনেওয়াজ ও এএসপি (ট্রাফিক) রফিকুর রাজা।
এর আগে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিচ্ছিলেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। কীভাবে ভাইকে হত্যা করা হয়, সেই বর্ণনা আদালতে উপস্থাপন করছিলেন। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন ১৫ আসামি। তাদের মধ্যে রয়েছেন প্রদীপ কুমার দাশ। হঠাৎ দেখা যায়, আসামি প্রদীপ কাঠগড়ায় বসে মোবাইল ফোনে কথা বলছেন। সিনহাকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি তিনি।
সুত্র : https://www.protidinersangbad.com/justice/288257
