ভোলার লালমোহনে নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদল। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধলীগৌরনগর ইউনিয়ন যুবদলের সভাপতি আজাদ হোসেন সোহাগের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহসভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে শাহিনুল ইসলাম কবির হাওলাদার বলেন, দেশে নৈরাজ্য, লুটপাট ও অগ্নিসংযোগের বিরুদ্ধে যুবদল সোচ্চার রয়েছে। বিগত সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাত ও সাধারণ মানুষের অর্থসম্পদ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। প্রয়োজনের সময় ব্যাংকে জমা রাখা অর্থ তুলতে না পারার অভিযোগও করছেন সাধারণ মানুষ। এসব বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটেছে। নিজের বিরুদ্ধেও একাধিক মামলা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এ ছাড়া বিভিন্ন হত্যা, ডাকাতি ও গুমের মামলায় রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ তুলে ধরেন তিনি।
সভায় অন্যান্য বক্তারাও নৈরাজ্য, সহিংসতা ও জনদুর্ভোগের বিরুদ্ধে বক্তব্য দেন। একই সঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে স্থানীয় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ