বিচারপ্রার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান, মামলার জট কমানো এবং আদালতের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা—একটি কার্যকর বিচারব্যবস্থার অন্যতম প্রধান শর্ত। কিন্তু নানা প্রশাসনিক জটিলতা, জনবল সংকট, তদন্তে দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক সমন্বয়ের অভাবে বিচারপ্রক্রিয়ায় তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ খুঁজতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে বিচার বিভাগীয় সম্মেলন-২০২৬।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের।
সম্মেলনে দেওয়ানি ও ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, মেডিকেল সার্টিফিকেটের ত্রুটি, আদালতের আদেশ ও ডিক্রি বাস্তবায়নসহ বিচারব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
সম্মেলনের শুরুতে দেওয়ানি ও ফৌজদারি বিচারব্যবস্থায় মামলা দ্রুত নিষ্পত্তির প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় এবং জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে পৃথক ধারণাপত্র উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলাম, সিভিল জজ আরিফ আফসার শুভ এবং সিভিল জজ সাদিকুর রহমান। এ সময় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দায়ের ও নিষ্পত্তি হওয়া মামলার পরিসংখ্যান তুলে ধরা হয়। উপস্থাপিত পরিসংখ্যান দেখে উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।
মুক্ত আলোচনায় বিচারপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে বিদ্যমান জটিলতার বিষয়গুলো বিস্তারিতভাবে উঠে আসে। জেলা জজ (পারিবারিক আপিল আদালত) মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা জজ মো. শওকত হোসেন, অতিরিক্ত জেলা জজ মো. এনায়েত উল্লাহ, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিন্দ্য মণ্ডল এবং জেলা জিপি অ্যাডভোকেট মো. ছালাহউদ্দিন হাওলাদারসহ অন্য অতিথিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে জরিপসংক্রান্ত জটিলতা, সরকারি পক্ষ বিবাদী এমন মামলায় লিখিত জবাব ও সাক্ষ্য প্রদানে অযৌক্তিক বিলম্ব এবং ১ নম্বর খাস খতিয়ানের জাবেদা নকল সংগ্রহে প্রতিবন্ধকতা মামলা নিষ্পত্তির গতিকে বাধাগ্রস্ত করছে। একতরফাভাবে নিষ্পত্তি হওয়া মামলার ডিক্রি অনুযায়ী ভূমির রেকর্ড সংশোধন না হওয়ায় বিচারপ্রার্থীদের নতুন করে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া দেওয়ানি কার্যবিধির সংশোধনী, পারিবারিক আদালতের ডিক্রি জারি এবং আদালত থেকে পাঠানো লেভি ওয়ারেন্ট যুক্তিসংগত সময়ে ফেরত না আসার বিষয়েও আলোচনা হয়।
মামলার আরজি যথাযথভাবে তৈরি, অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সতর্কতা, শিশুর বয়স নির্ধারণের জটিলতা এবং ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্যগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। একই সঙ্গে মনপুরায় সাব-জেল নির্মাণ, নারী ও শিশু ভুক্তভোগীদের জন্য জেলায় নিরাপদ আবাসন কেন্দ্র স্থাপন, মেডিকেল সার্টিফিকেটের অসংগতি, মাদক মামলায় প্রবেশন ব্যবস্থার প্রয়োগ, তদন্ত কর্মকর্তাদের দায়িত্ব এবং বিচারক সংকট নিয়ে আলোচনা করেন বক্তারা। আদালতের এজলাসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমান তাঁর বক্তব্যে এজাহার, তদন্ত প্রতিবেদন ও মেডিকেল সার্টিফিকেটে অনাকাঙ্ক্ষিত ত্রুটির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যুক্তিসংগত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না হলে মামলার বিচারপ্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ে। এ ছাড়া জব্দ তালিকা ও মেমোরেন্ডাম অব অ্যারেস্ট বিধি অনুযায়ী প্রস্তুত করা, ভার্চুয়াল মাধ্যমে সাক্ষ্যগ্রহণ এবং সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মেডিকেল সার্টিফিকেটের ত্রুটি প্রসঙ্গে সিভিল সার্জন ডা. মুঃ মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে বিধিবিধান যথাযথভাবে অনুসরণের জন্য জেলার মেডিকেল অফিসারদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী কাজ করা হলে মেডিকেল সার্টিফিকেটে বিদ্যমান ত্রুটি ও অসংগতি কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার তাঁর বক্তব্যে পুলিশের জনবল সংকট ও তদন্ত কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। জব্দ তালিকা, মেমোরেন্ডাম অব অ্যারেস্ট এবং তদন্ত প্রতিবেদন বিধি অনুযায়ী প্রস্তুতের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। পাশাপাশি আদালতের আদেশ ও ডিক্রি বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্মেলনের সমাপনী বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের ভোলা বিচার বিভাগে যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচারকদের করণীয়, বিচারিক কার্যক্রমের সীমাবদ্ধতা এবং বিচার প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বিচারব্যবস্থার কার্যকারিতা কেবল আদালতের বিচারকদের ওপর নির্ভর করে না; এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি দপ্তর ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। তাই বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে এবং বিচারপ্রার্থীদের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত সহযোগিতায় ভোলা বিচার বিভাগকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তিনি।
সম্মেলনে ভোলা বিচার বিভাগের বিচারক, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, কোস্ট গার্ড, আইনজীবী সমিতি, সরকারি কৌঁসুলি এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কোস্ট গার্ডের অধিনায়ক, এসআরবি ক্যাম্প কমান্ডার, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, জিপি, পিপি, ভিপি কৌঁসুলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের প্রতিনিধিরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ