স্টাফ রিপোর্টার ॥
ভোলার কিংবদন্তি সাংবাদিক প্রেসক্লাবের ৮ বারের সভাপতি ও ৭ বার সম্পাদকের দায়িত্বে থাকা দৈনিক বাংলার কন্ঠের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এম. হাবিবুর রহমানের সৎ, নিষ্ঠা, সততা, মানবিকতা ও দুঃ সাহসিক সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপনের কারনে সর্ব স্তরের মানুষের অংশগ্রহনের মধ্য দিয়ে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমাবাদ মরহুমের বাস বভন চত্বরে দোয়া মোনাজাতে শতশত মানুষের ঢল নামে। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশার প্রতিনিধিসহ সাংবাদিকরা অংশ নেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন ও খলিফাপট্টি মসজিদের খতিব ঈমাম মাওলানা মজির উদ্দিন।
অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শফিউর রহমান কিরণ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সার ডিলার সমিতির সভাপতি মোশারফ হোসেন দুলাল, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোবাশ্বের উল্লাহ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (উত্তর) জেলা কমিটির সেক্রেটারী তরিকুল ইসলাম, ইসলামিয়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ লিয়াকত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহকারী সম্পাদক রাজিব চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক অমিতাভ অপু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোলায়মান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হান, সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।
জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, হাবিবুর রহমান ছিলেন অভিভাবক। তার শূন্যতা আমরা অনুভব করছি। হাবিবুর রহমান প্রশ্নের উর্ধে থেকে কাজ করেছেন বলে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল।
উল্লেখ্য, গেল বছর ২৪ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় দীর্ঘ ৬০ বছরের সাংবাদিকতার ইতি টেনে মৃত্যু বরণ করেন এম. হাবিবুর রহমান। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৮৫ বছর। ১৯৪৪ সালের ৩১ জানুয়ারি ভোলা শহরের ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে তাঁর জন্ম। পিতা মৃত মোঃ সেকান্দার আলী সিকদার এবং মাতা মৃত সায়েদা খাতুনের ২য় সন্তান ছিলেন তিনি। ১৯৫৯ সালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় (ভোলা জেলা স্কুল) থেকে ম্যাট্রিক এবং ১৯৬২ সালে কুমিল্লার নবাব ফয়জুন্নেছা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ১৯৬৬ সালে স্নাতক এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এম. এ পাশ করেন। ১৯৬৫ সাল থেকে দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এম হাবিবুর রহমান ১৯৭৩ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর তৎকালীন ভোলা মহকুমা প্রতিনিধি, ১৯৮৪ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারী পর্যন্ত বাংলাদেশ বেতারের ভোলা জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে প্রকাশক ও সম্পাদক হিসেবে ‘দৈনিক বাংলার কণ্ঠ’ নামে ভোলা থেকে একটি পত্রিকা প্রকাশ করেন।
১৯৭০ সালে ভয়াল ১২ নভেম্বর জলোচ্ছ্বাস গোর্কির আঘাতে নিশ্চিহ্ন হওয়া ভোলাসহ উপকূলের ছবিসহ সংবাদ ঘটনার ৫ দিন পর প্রথম প্রকাশিত হয় দৈনিক পূর্বদেশ পত্রিকায়। ওই সংবাদ থেকেই ঢাকাসহ দেশের মানুষ ও সরকার প্রধান জানতে পারেন এই জনপদের অবস্থা। ওই সংবাদের জন্য দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে পুরস্কারপ্রাপ্ত হন হাবিবুর রহমান। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর টর্চার সেলের নির্যাতনের ছবি তুলে তা পূর্বদেশ পত্রিকায় ছবিসহ নিউজ ছাপিয়ে পুরস্কৃত হন। সামিয়া লঞ্চ ডুবির খবর প্রথম প্রকাশ করে রাষ্ট্রপতি পুরস্কার পান। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য, সামাজিক আন্দোলনে যুক্ত থাকায় ভোলার সর্বমহলের প্রতিনিধিরা তাকে আজও স্মরণ করে যাচ্ছেন।এম. হাবিবুর রহমানের দীর্ঘ ৬০ বছরের সাংবাদিকতা আজও অনুকরণীয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ