ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের বাসিন্দা চিকিৎসক ডা. মো. শাহাবুদ্দিনের মরদেহ নিখোঁজের তিন দিন পর নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার মরিষা এলাকায় একটি বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার এমপি টিলা এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা দেখতে পান। পরে তাদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এক নিকটাত্মীয়ের সঙ্গে কুমিল্লার মরিষা এলাকায় বালুবাহী জাহাজে ঘুরতে গিয়েছিলেন ডা. শাহাবুদ্দিন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে জাহাজ থেকে নদীতে পড়ে যান তিনি।
ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে টানা তিন দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার তার মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।
ডা. শাহাবুদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ