
গুলশান-১ এর গোলচত্বরের কোলাহল থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে গুলশান সোসাইটি মসজিদ। মসজিদটি দেখতে নতুন মনে হলেও মসজিদ প্রাঙ্গণের একটি ব্যানারে লেখা আছে: 'সাবেক ভোলা মসজিদ', প্রতিষ্ঠিত আনুমানিক ১৮৭৫ সাল।
কূটনৈতিক মিশন, সুউচ্চ অ্যাপার্টমেন্ট ভবন আর ব্যয়বহুল আবাসনের জন্য পরিচিত এই অভিজাত এলাকায়ও রয়েছে একটু পুরনো ছোঁয়া। ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) প্রথম চেয়ারম্যান ও পাকিস্তানি আমলা জি এ মাদানির উদ্যোগে ১৯৬১ সালের দিকে একটি পরিকল্পিত আবাসিক এলাকা হিসেবে গড়ে ওঠে গুলশান।
ফারসি ও উর্দু ভাষায় 'গুলশান' শব্দের অর্থ 'ফুলের বাগান'। নামটি মূলত পাকিস্তান আমলের ভাষাগত প্রভাবের প্রতিফলন। ইতিহাসবিদ আফসান চৌধুরীর ভাষায়, 'স্থানীয়ভাবে এবং প্রশাসনের দেওয়া জায়গার নামগুলোর মধ্য দিয়ে কীভাবে ঢাকার ইতিহাস খুঁজে পাওয়া যায়, গুলশান তারই একটি উদাহরণ।'
নগরায়ণের ইতিহাসের সঙ্গে 'ভোলা মসজিদ' নামটি যেভাবে যুক্ত হলো
এর উত্তর লুকিয়ে আছে ঢাকার গ্রামীণ অতীতে। ইতিহাসবিদ হাশেম সুফির মতে, এলাকাটি একসময় 'ভোলা মহল্লা' নামে পরিচিত ছিল। সম্ভবত কোনো স্থানীয় সরদারের নামানুসারে এই নামকরণ হয়েছিল।
নামটি কেবল মসজিদেই নয়, বরং 'ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও' টিকে আছে। হাশেম সুফির মতে, স্থানীয় বাসিন্দারাই প্রতিষ্ঠান দুটি গড়ে তোলেন। বিদ্যালয়টি পরবর্তী সময়ে দক্ষিণ বাড্ডায় স্থানান্তরিত হয়। এর সাইনবোর্ডে প্রতিষ্ঠাকাল হিসেবে ১৯২৫ সাল লেখা রয়েছে।
মুনতাসীর মামুনের 'স্মৃতি বিস্মৃতির নগরী' বইয়ে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকের শৈশবস্মৃতির বরাতে 'ভোলা' সম্পর্কে আরেকটি বিবরণ পাওয়া যায়। সেখানে এলাকাটির নাম 'ভোলার টেঙ্গর' হিসেবে উল্লেখ করা হয়েছে। 'টেঙ্গর' বলতে বনজঙ্গলে ঘেরা উঁচু ভূমিকে বোঝায়।
এক সময়ের বন্যার আশ্রয়স্থল থেকে আজ শহুরে আবাসিক এলাকা
ঐতিহাসিকভাবে ঢাকার উঁচু ভূমিগুলো নানাবিধ কাজে ব্যবহার হতো। মুনতাসীর মামুনের মতে, গুলশানের ক্ষেত্রে বিষয়টি তেমনই ছিল। এটি ছিল চারপাশে খাল দিয়ে ঘেরা বিস্তৃত এক উঁচু ভূমি, যেখানে 'টেক' নামে পরিচিত বেশ কিছু উঁচু ঢিবি ছিল।
বইটিতে মোজাম্মেল হকের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বর্ষাকালে পার্শ্ববর্তী ভাটারা এলাকার লোকজন প্রায় তিন মাসের জন্য ভোলার জমি চাষাবাদ করতে আসতেন। নদীতীরবর্তী পরিবারগুলোও তাদের কাটা ধান সংরক্ষণের জন্য এখানে নিয়ে আসতেন।
বন্যার পানিতে আশপাশের নিচু এলাকাগুলো তলিয়ে গেলে তারা তাদের গবাদিপশু ও মালামাল ভোলার উঁচু ভূমিতে সরিয়ে নিতেন। এখানে মানুষ চাষাবাদ করত, ফসল মজুত রাখত এবং বন্যায় আশ্রয় নিত।
বসতি স্থাপনের এমন ধরন এ অঞ্চলের ভূপ্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঐতিহ্যগতভাবে 'চালা' নামে পরিচিত উঁচু জমিগুলো বসতি স্থাপন ও চাষাবাদের জন্য তুলনামূলক অনুকূল ছিল। অন্যদিকে 'বাইদ' নামে পরিচিত নিচু জমিগুলো বর্ষার পানি ধরে রাখত এবং বন্যার পানি নেমে যাওয়ার পর চাষাবাদের উপযুক্ত হতো। এ বৈশিষ্ট্যই ভোলার মতো উঁচু ভূমিখণ্ডগুলোকে চাষাবাদের জন্য এবং পরবর্তী সময়ে গুলশানে আবাসিক বসতি গড়ে তোলার উপযোগী করে তুলেছে।
ভাটারা থানার আশপাশের এলাকাগুলোতেও কিছু পুরনো ছোঁয়া আছে। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের প্রবেশপথে দাঁড়ালে রাস্তাটি দুদিকে চলে গেছে। একটি পথ পরিকল্পিত ও প্রশস্ত রাস্তাসমৃদ্ধ বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে চলে গেছে। অন্য পথটি গেছে ছোলমাইদের দিকে, যেখানে পুরোনো দোকানপাট ও রাস্তার পাশের খাবারের দোকানগুলোতে এখনো মহল্লাটির নাম টিকে আছে। তবে একই সড়কের নতুন প্রতিষ্ঠানগুলো তাদের ঠিকানায় 'অ্যাপোলো গেট রোড' ব্যবহার করে।
বসুন্ধরা, বারিধারা ও গুলশানের নামের তুলনায় 'ছোলমাইদ' নামটি শুনতে বেশ অন্যরকম। সরু গলিপথ ধরে নতুন বাজারের দিকে এগোলে এই বৈসাদৃশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে। সাইনবোর্ড ও স্থানীয় ঠিকানায় 'হাতিবাড়ি' এবং 'ব্যাপারী বাড়ি'র মতো নামগুলো চোখে পড়ে। এগুলো ক্রমবর্ধমান এই শহরের বুকে পুরোনো জনবসতির চিহ্ন ধরে রেখেছে।
বসুন্ধরার আরেকটি প্রবেশপথে সড়কটি যমুনা ফিউচার পার্কের দিকে চলে গেছে, আর সেখান থেকে সরু গলিপথগুলো শাখা বিস্তার করেছে জগন্নাথপুরের দিকে। প্রধান সড়কের ওপারে বারিধারার দিকে রয়েছে আরেকটি মহল্লা—কালাচাঁদপুর। আরও সামনে এগোলে রয়েছে ডুমনি, বেরাইদ আর কাঁঠালদিয়া।
ঢাকার ঐতিহাসিক বিবরণগুলোতে এসব জনপদ খুব সামান্যই গুরুত্ব পেয়েছে। এর আংশিক কারণ, পুরোনো মহল্লাগুলোর তুলনায় এগুলো অনেক পরে ক্রমবর্ধমান শহরের অংশ হয়েছে। উদাহরণস্বরূপ, 'স্মৃতি বিস্মৃতির নগরী' বইয়ে মুনতাসীর মামুন লিখেছেন, ১৯৭০-এর দশকেও বেরাইদ ছিল ঢাকার বাইরের একটি শান্ত, বিচ্ছিন্ন গ্রাম। শহর বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামটি ধীরে ধীরে নগরের সীমানার ভেতরে বিলীন হয়ে যায়।
এভাবে গলিপথ আর মৌজার নামগুলো যেন শহরের এক পুরোনো মানচিত্রের খোঁজ দেয়।
এগুলোর একটি হল কাঁঠালদিয়া। এলাকাটি আকারে ছোট হয়ে গেলেও এখনো টিকে আছে। এখানে বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী পরিবার বসবাস করে, যাদের কেউ কেউ বংশপরম্পরায় এখানে আছেন। তবে শহরের বিস্তারের সঙ্গে সঙ্গে অনেক পরিবার এখান থেকে চলেও গেছে।
স্থানীয় বাসিন্দা জগদীশ চন্দ্রের মতে, কাঁঠালদিয়া একসময় অনেক বড় ছিল। তিনি বলেন, 'কাঁঠালদিয়া, আমদিয়া এবং বাগদিয়া আলাদা গ্রাম হিসেবে পাশাপাশি অবস্থিত ছিল। এখন এখানে বসুন্ধরার প্লট দেখা যায়। কিন্তু ২০১৩ সালের আগেও ওই এলাকাগুলো কাঁঠালদিয়া ছিল।'
তার মতে জনপদটির কেবল একটি অংশই এখন কাঁঠালদিয়া হিসেবে অবশিষ্ট আছে। তিনি জানান, আমদিয়া ও বাগদিয়া গ্রাম দুটি ইতোমধ্যে নগরায়ণ ও উন্নয়নের নিচে চাপা পড়েছে।
তার এই বিবরণের মিল পাওয়া যায় বৃহত্তর প্রশাসনিক নথিপত্রেও। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, অঞ্চল-৯-এর অধীনে ৪৩ নম্বর ওয়ার্ডের আওতায় রয়েছে তলনা, ঢেলনা, নাকুনি, মৈনারটেক, মস্তুল, পাতিরা, ডুমনি, কাঁঠালদিয়া, বাগদিয়া ও আমদিয়া। নগরায়ণের ফলে জনপদগুলোর চিত্র বদলে গেলেও শহরের মহল্লাগুলোর দাপ্তরিক তালিকায় এখনো এই গ্রামগুলোর নাম রয়ে গেছে।
একটি প্রতিষ্ঠান গ্রামটির নাম ধরে রাখতে সাহায্য করেছে—কাঁঠালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জগদীশ চন্দ্রের মতে, গ্রামের নামে নামকরণ করা এই সরকারি বিদ্যালয়টি জনপদ সংকুচিত হয়ে আসার পরও নামটি টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে।
কাঁঠালদিয়াকে এখনো একটি গ্রাম হিসেবেই বলা হয়, যদিও তা আর আগের সেই বড় আকারে নেই। গ্রামটি অনেক জমি হারিয়েছে বটে, কিন্তু এর নাম এবং পরিচয়ের খানিকটা এখনো টিকে আছে।
ক্রমবর্ধমান শহরের মাঝে হারিয়ে যাওয়া গ্রাম
নতুন করে নগরায়ন হওয়া উত্তর-পূর্বাঞ্চলের তুলনায় ঢাকার পুরোনো জনপদগুলোর গল্প ভিন্ন। নতুন মহল্লাগুলোর অধিকাংশ গড়ে ওঠার অনেক আগে সেগুলো সুপ্রতিষ্ঠিত শহুরে কেন্দ্রে পরিণত হয়েছিল। গ্রামীণ জনপদের চিহ্ন ধরে রাখার পরিবর্তে নামগুলো বহন করে বিভিন্ন জনগোষ্ঠী, শাসক এবং ঔপনিবেশিক প্রভাবের ছাপ—যা এই শহরকে গড়ে তুলেছিল।
পুরান ঢাকার অলিগলি দিয়ে হাঁটলে এখনো এই ইতিহাসের অনেকটাই খুঁজে পাওয়া যায়। বংশাল, নবাবপুর এবং শাঁখারীবাজারের মহল্লা ও সড়ক ধরে হাঁটলে একসময় এই শহরকে যারা গড়ে তুলেছে সেসব জনগোষ্ঠী ও রাজনৈতিক শক্তির পরিচয় মেলে।
ইসলামপুর মনে করিয়ে দেয় মোগল আমল ও সুবাদার ইসলাম খান চিশতির শাসনকালের কথা। আরমানিটোলা নির্দেশ করে একসময় ঢাকায় বসবাস ও ব্যবসা-বাণিজ্য করা আর্মেনীয় সম্প্রদায়ের ইতিহাস, আর ফরাশগঞ্জ বহন করে এই শহরে ফরাসিদের উপস্থিতির স্মৃতি।
রাস্তাগুলো ধরে আরও দক্ষিণে এগোলে পাওয়া যায় ঢাকার অন্যতম পরিচিত পুরোনো আবাসিক এলাকা ওয়ারী। প্রজন্মের পর প্রজন্ম ধরে পুরান ঢাকার এসব এলাকার নাম টিকে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে সেগুলোর উচ্চারণ। ওয়ারী এর একটি চমৎকার উদাহরণ। এই নামের উৎপত্তি ও উচ্চারণ—উভয় ক্ষেত্রেই একাধিক ব্যাখ্যা প্রচলিত। 'কিংবদন্তির ঢাকা' বইয়ে নাজির হোসেন উল্লেখ করেছেন, ঢাকার ম্যাজিস্ট্রেট বা কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করা 'ওয়্যার' নামের এক ব্রিটিশ কর্মকর্তার সঙ্গে এই নামের যোগসূত্র বয়েছে।
তবে ইতিহাসবিদ হাশেম সুফি এই ব্যাখ্যা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, 'কেউ কেউ ভুল করে মিস্টার ওয়্যার থেকে "ওয়ারী" নামের উৎপত্তি বলে মনে করেন। এই ব্যাখ্যাটি ভুল। বরং ওয়্যার স্ট্রিট নামটিই এসেছে ওয়ারী মহল্লা থেকে।'
হাশেম সুফির মতে, নামটির উৎপত্তি ফারসি শব্দ 'উয়ারী' থেকে, যার অর্থ বড় তাঁবু। তার মতে, সুলতানি ও মোগল আমলে সামরিক কমান্ডাররা একত্র হওয়া, সভা করা এবং প্রশাসনিক কাজ পরিচালনার জন্য এ ধরনের বড় তাঁবু ব্যবহার করতেন। তিনি মনে করেন, এলাকাটি একসময় এমন সব তাঁবু দিয়ে গড়ে ওঠা একটি সামরিক ছাউনি ছিল।
নামটি গভীরভাবে খতিয়ে দেখার পেছনে আরেকটি বিষয় রয়েছে। 'স্মৃতি বিস্মৃতির নগরী' বইয়ে মুনতাসীর মামুন বারবার মহল্লাটিকে 'উয়ারী' হিসেবে উল্লেখ করেছেন এবং বলা হয়েছে, অনেকেই এটিকে এভাবেই উচ্চারণ করতেন। আজও স্থানীয় বাসিন্দাদের মুখে এই উচ্চারণ শোনা যায়। লারমিনি স্ট্রিট ধরে এগোলে এই বানানটি এখনো চোখে পড়ে, যেখানে কিছু পুরোনো বাড়ির নামফলকে মহল্লাটির নাম 'উয়ারী' হিসেবেই লেখা আছে। এটি কেবল 'ওয়ারী'র পুরনো কোনো উচ্চারণ, নাকি নামটির আদি কোনো রূপের ইঙ্গিত।
টিকে থাকা এই বানানটি একটি ক্ষুদ্র কিন্তু বাস্তব সূত্র দেয়, যদিও এর প্রকৃত উৎস এখনো অনিশ্চিত।
পুরনো নাম এখনো টিকে আছে সরু গলিতে
ঢাকার অতীতের চিহ্ন কেবল মহল্লার নামেই সীমাবদ্ধ নয়। সড়কগুলোও সেই ইতিহাস বহন করে। যদিও শাসক পরিবর্তনের সঙ্গে সঙ্গে এগুলোর নাম আরও ঘনঘন বদলেছে। প্রধান সড়কগুলো থেকে কিছু পুরোনো নাম হারিয়ে গেলেও সেগুলোর পাশের ছোট গলিগুলোতে এখনো টিকে আছে।
এর একটি বড় উদাহরণ হলো কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা প্রশস্ত অ্যাভিনিউ। বছরের পর বছর ধরে এটি নানা নামে পরিচিত ছিল, যার প্রতিটি শহরের ইতিহাসের একেকটি অধ্যায়কে তুলে ধরে।
হাশেম সুফির মতে, এগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো নাম ছিল 'আসাম ডিফেন্স রোড'। তিনি এর উৎস খুঁজে পান সুলতানি আমলে। তার মতে, সে সময় সুলতানি আমলের তুর্কি-আফগান বাহিনী এই স্থান থেকে আসামে তাদের হাতি নিয়ে যেত। এ কারণেই এটিকে 'আসাম রোড' বলা হতো। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে মোগলরাও একই স্থান থেকে যাত্রা করত। তার বিবরণ অনুযায়ী, আনুমানিক ১৮৮৫ সাল পর্যন্ত সড়কটির নাম আসাম রোডই ছিল।
এরপর একের পর এক নামবদল ঘটে: ময়মনসিংহ রোড, রমনা রেস কোর্স রোড, পাকিস্তান আমলে আইয়ুব অ্যাভিনিউ এবং সবশেষে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ।
'ময়মনসিংহ রোড' নামটি ভিন্ন ধরনের এক যাত্রার ইঙ্গিত দেয়। এটি উত্তরের জেলা শহরমুখী দীর্ঘ সড়কের কথা বলে। হাশেম সুফি বলেন, 'আমি নিজে এই জঙ্গল পেরিয়ে যাতায়াত করেছি।' ময়মনসিংহে যাতায়াত করা মানেই ছিল একসময় ১২০ মাইলের পথ পাড়ি দেওয়া, আর টঙ্গীর ওপারের সংক্ষিপ্ত পথটি সেই দূরত্ব ৮০ মাইলে নামিয়ে আনে। তিনি বলেন, 'তখন এখানে ঘন জঙ্গল ছিল। গাছ কাটা হলো, বাড়িঘর উঠল, শিল্পকারখানা গড়ে উঠল এবং এটি শহরে পরিণত হলো।'
প্রতিবার নতুন নামকরণের সঙ্গে সঙ্গে আগের নামটি মূল সড়ক থেকে ধীরে ধীরে হারিয়ে গেছে। তবে একেবারে পুরোপুরি হারিয়ে যায়নি। টিকে আছে ওলিগলিতে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের দিকে চলে যাওয়া একটি গলি এখনো 'ময়মনসিংহ রোড' নামেই পরিচিত। বড় একটি অ্যাভিনিউয়ের পাশের ছোট্ট এই গলিটি সহজেই চোখ এড়িয়ে যেতে পারে। তবুও এর নামটিই একসময় মূল অ্যাভিনিউটির নাম কী ছিল, তার হাতেগোনা কয়েকটি অবশিষ্ট চিহ্নের একটি।
পাকিস্তান আমলে ১৯৭১ সালের ১৪ জুন ঢাকা মিউনিসিপ্যালিটি দুই শতাধিক সড়কের নাম পরিবর্তন করে। হিন্দু ব্যক্তিত্ব, স্থানীয় বিশিষ্টজন এবং ঐতিহাসিক পরিচয়ের সঙ্গে যুক্ত নামগুলো সরিয়ে সেখানে নতুন নাম বসানো হয়। শাঁখারীবাজার রোডের নাম বদলে রাখা হয় টিক্কা খান রোড, সুভাষ বোস অ্যাভিনিউয়ের নাম হয় খালিদ বিন ওয়ালিদ অ্যাভিনিউ এবং জয়কালী মন্দির রোডের নাম বদলে রাখা হয় শহীদ মেজর তোফায়েল রোড। তবে নামের এসব পরিবর্তন শেষ পর্যন্ত টেকেনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ