স্টাফ রিপোর্টার ॥
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র মনোনয়নকৃত চেয়ারম্যান পদপ্রার্থী ইমরোজ আলম টিমন নির্বাচনী আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নজু বেপারী বাড়ীর দরজায় এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় পার্র্টি (বিজেপি)’র রাজনীতির সাথে জড়িত।
নির্বাচনী প্রচারণায় বক্তব্যে তিনি বলেন, ছোটবেলা থেকেই দেখে আসছি নির্বাচনের আগে এক রূপ আর নির্বাচনের পরে জনপ্রতিনিধিদের আরেক রূপ। সাধারণ মানুষের এই বঞ্চনা ও দ্বিমুখী আচরণের প্রতিবাদে এবং এলাকার প্রকৃত উন্নয়নের স্বার্থেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
নিজেকে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান দাবি করে তিনি বলেন, আমার অঢেল অর্থবিত্ত নেই, নির্বাচনের মাঠে মানুষকে ৫ শত বা ১ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। তবে আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও এলাকার অসহায় মা-বোনদের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। আপনারা যদি টাকার পরিবর্তে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, তবে বিজয়ী হয়ে এলাকার কাঙ্খিত উন্নয়ন ও নেতৃত্ব ফিরিয়ে আনব।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকা থেকে মাদক নির্মুলে কাজ করে যাব এবং ইউনিয়নের বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো। পাশাপশি আলীনগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক নুরন্নবী, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, ইউনিয়ন বিজেপির সভাপতি আলী আনসার ফরাজী। এ সময় ইউনিয়ন বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক ও স্থানী গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণা সভায় এলকার বৃদ্ধ, যুবক ও তরুণসহ কয়েক হাজার লোকজন উপস্থিত ছিলেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ