দক্ষিণ আইচা প্রতিনিধি।।
ভোক্তাবান্ধব সেবার অঙ্গীকার নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’-এর ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডের উত্তর পাশে হাজী আলমগীর প্লাজায় নতুন এ আউটলেটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন সুপারশপের দক্ষিণ আইচা আউটলেটের ফ্র্যাঞ্চাইজি মো. ফরিদ উদ্দিন মাস্টার, প্রভাষক মো. নাজিম, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, নতুন এ আউটলেট থেকে ক্রেতারা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে আকর্ষণীয় ছাড়, বিশেষ অফার এবং পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুবিধা।
তিনি আরও বলেন, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে নিয়মিত বিভিন্ন অফার চালু থাকবে। আধুনিক রুচি ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে আউটলেটটি। এখানে দুধ, ডিম, চাল, ডালসহ প্রায় সব ধরনের ভোগ্যপণ্যের পাশাপাশি সৌন্দর্যচর্চার সামগ্রী, হাইজিন পণ্য, শিশুদের খাদ্য ও খেলনাসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে।
স্থানীয়রা মনে করছেন, ‘স্বপ্ন’-এর এ নতুন আউটলেট শুধু একটি বিপণিকেন্দ্র নয়; বরং মানসম্মত পণ্যের সহজলভ্যতা, ভোক্তা সুবিধা এবং আধুনিক বাজারব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন আউটলেট চালুর মাধ্যমে সুপারশপ ‘স্বপ্ন’ তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। দক্ষিণ আইচায় নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের এ জনপদেও পৌঁছে গেল দেশের অন্যতম বৃহৎ সুপারশপ নেটওয়ার্কটি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ