আগাম সবজির ক্ষেতজুড়ে একসময় ছিল সবুজের সমারোহ। গাছে গাছে ফুল আর নতুন ফল দেখে ভালো ফলনের স্বপ্ন বুনেছিলেন কৃষকেরা। আশা ছিল, আগাম সবজি বাজারে তুলে ভালো দাম পাবেন, ঘরে ফিরবে বিনিয়োগের টাকা, মিলবে বাড়তি লাভ। কিন্তু কয়েক দিনের অসময়ের বৃষ্টি বদলে দিয়েছে সেই চিত্র। ঝরে পড়েছে সবজির ফুল, ক্ষতিগ্রস্ত হয়েছে গাছ ও ফসল। সম্ভাব্য লাভের বদলে এখন উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ‘সবজি গ্রামের’ কৃষকদের।
এলাকার অধিকাংশ কৃষকই বিভিন্ন ধরনের শাকসবজি চাষের সঙ্গে যুক্ত। বিশেষ করে আগাম মৌসুমের সবজি উৎপাদন ও বাজারজাতকরণের জন্য পরিচিত এই গ্রাম। প্রতি বছর আগাম সবজি চাষ করে বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ার আশায় থাকেন তাঁরা। গত কয়েক বছরের সাফল্যে এবারও অনেক কৃষক আগের চেয়ে বেশি জমিতে সবজি চাষ করেছিলেন। কেউ নিজের সঞ্চয়, কেউবা ঋণ নিয়ে করেছিলেন বিনিয়োগ। কিন্তু অসময়ের বৃষ্টিতে তাঁদের সেই প্রস্তুতি ও প্রত্যাশায় বড় ধাক্কা লেগেছে।
কৃষক ইউসুফ জানান, গত কয়েক বছর ধরে আগাম সবজি চাষ করে তাঁরা ভালো লাভ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবারও ভালো ফলনের আশায় চাষাবাদ করেছিলেন। জমিতে গাছের বৃদ্ধি, ফুল ও ফলন দেখে আশাবাদীও ছিলেন। কিন্তু অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা তাঁদের জন্য কঠিন হবে।
কৃষক আবু তাহের বলেন, অসময়ের বৃষ্টিতে সবজি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর চাষাবাদ করে লাভবান হওয়া তো দূরের কথা, উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েই এখন দুশ্চিন্তায় আছেন। বৃষ্টিতে তাঁদের অনেক স্বপ্ন নষ্ট হয়ে গেছে।
ক্ষতির পাশাপাশি ঋণের চাপও ভাবিয়ে তুলছে কৃষক হাছনাইনকে। তিনি জানান, এবার আগের তুলনায় বেশি জমিতে সবজি চাষ করেছেন। চাষাবাদের জন্য ঋণও নিতে হয়েছে। কিন্তু অসময়ের বৃষ্টিতে গাছ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন ঋণ পরিশোধ এবং নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। এ অবস্থায় সরকারি সহযোগিতা পেলে কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা তাঁর।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, এ বছর আগাম সবজির ফলন অত্যন্ত ভালো হয়েছিল। গত বছরের তুলনায় এবার কৃষকদের বেশি লাভবান হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অসময়ের বৃষ্টিতে তাঁদের ফসলের ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা অনেক কৃষকের জন্য কঠিন হয়ে পড়বে।
সবজি গ্রামের কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শের পাশাপাশি সরকারি সহায়তা দিতে হবে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আর্থিক ও কৃষি উপকরণ সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের আশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে ঋণের বোঝা ও লোকসানের চাপ সামলে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ