
পয়োবর্জ্য ও পানি শোধনের প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিন কর্মকর্তাসহ ছয়জন। অন্য তিনজন রাজধানীর মিরপুরের স্বপ্ননগর-২ কল্যাণ সমিতির সদস্য। সফরের অংশ হিসেবে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর মহারাষ্ট্রে অবস্থান করবেন তারা। বিমানভাড়া থেকে শুরু করে থাকা-খাওয়া পর্যন্ত সব খরচ বহন করবে বেসরকারি প্রতিষ্ঠান জুয়েল অ্যান্ড নিশিত বসু (জেভি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখা-৪ থেকে গত ১১ নভেম্বর জারি করা আদেশে ছয়জনের এই সফরের অনুমতি দেওয়া হয়। মহারাষ্ট্রে চার দিনের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রকল্পের জন্য সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন করবেন তারা।
সফরের অনুমতি পাওয়া গৃহায়নের তিন কর্মকর্তা হলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি ও সম্পদ ব্যবস্থাপনা উইংয়ের উপপরিচালক মারিয়া হক, উপসহকারী প্রকৌশলী (ই/এম) মো. হুমায়ুন কবীর এবং ঢাকা বিভাগ-১-এর উপসহকারী প্রকৌশলী আবদুল ওয়াদুদ তালুকদার। স্বপ্ননগর-২ কল্যাণ সমিতির তিনজন হলেন সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবুল খায়ের, মোহাম্মদ আবদুল মজিদ ও মো. আবদুর রউফ মিয়া।
আদেশে বলা হয়েছে, স্বপ্ননগর দ্বিতীয় পর্যায় প্রকল্পের পয়োবর্জ্য শোধনাগার, পানি শোধনাগার, পাম্প হাউস, গভীর নলকূপ ও পানি সরবরাহের পাইপলাইন নির্মাণের বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা বিভাগ-১-এর আওতাধীন মিরপুর-৯ এলাকায়।
মন্ত্রণালয়ের উপসচিব রুবায়েত হায়াত শিপলুর স্বাক্ষরিত আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সফরের অনুমতি দেওয়া হয়েছে। তবে সরকারি নির্দেশনার আলোকে সফরের প্রয়োজনীয়তা, ছয়জনের মনোনয়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নের যৌক্তিকতা কীভাবে যাচাই করা হয়েছে, সে বিষয়ে আদেশে বিস্তারিত কিছু নেই।
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে ১৩ দফা নির্দেশনা জারি করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এতে সাধারণভাবে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা, কম প্রয়োজনীয় সফর এড়ানো এবং সফরের প্রয়োজনীয়তা ও প্রস্তাবিত কর্মকর্তার সংশ্লিষ্টতা ও উপযোগিতা নিশ্চিতের কথা বলা হয়। কেনাকাটার ক্ষেত্রে মালামাল জাহাজে তোলার আগের পরিদর্শন কিংবা কারখানায় মান যাচাইয়ের পরীক্ষায় শুধু সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পাঠানোর বিষয়টি বিবেচনা করতে বলা হয়।
এরপর ২০২৫ সালের ২৩ মার্চ বিদেশ সফরসংক্রান্ত নির্দেশনা আরও স্পষ্ট করে তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ অবশ্যই এড়িয়ে চলতে বলা হয়। একই সঙ্গে সফরের আগে এর প্রাসঙ্গিকতা ও গুরুত্ব নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়। ২০২৫ সালের ২১ অক্টোবর জারি করা আরেক নির্দেশনায় আগের নির্দেশনা ঠিকমতো না মেনে কর্মকর্তাদের বিদেশ সফরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের ব্যয় সংকোচন নীতির আওতায় সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দেয় অর্থ বিভাগ। উন্নয়নসহযোগী সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে ঠিকাদার ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থে সফর এড়িয়ে চলার আগের নির্দেশনা বহাল রাখা হয়েছে।
স্বপ্ননগর-২ প্রকল্পের কর্মকর্তাদের সফরের পুরো ব্যয় বহন করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। ঠিকাদারের অর্থে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘ঠিকাদারের টাকায় বিদেশ ভ্রমণ কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। ঠিকাদারের টাকায় কর্মকর্তা বিদেশ ভ্রমণ করলে তো সে ঠিকাদারের স্বার্থই দেখবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
প্রশিক্ষণে তিন কর্মকর্তার পাশাপাশি কল্যাণ সমিতির তিন প্রতিনিধিকেও নেওয়া হচ্ছে। প্রকল্পের শোধনাগার, পাম্প হাউস ও পানি সরবরাহব্যবস্থা নির্মাণের মতো কারিগরি কাজে সমিতির প্রতিনিধিদের কী দায়িত্ব, আদেশে তা বলা হয়নি। তাদের কারিগরি যোগ্যতা কেমন, প্রশিক্ষণে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা কী কিংবা কীসের ভিত্তিতে তাদের বাছাই করা হয়েছে, সে ব্যাখ্যাও নেই আদেশে।
এসব বিষয়ে জানতে স্বপ্ননগর-২ প্রকল্পের পরিচালক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ঢাকা বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু হোরায়রার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে এশিয়া পোস্ট। তার মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়েও সাড়া মেলেনি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ