লালমোহন (প্রতিনিধি:
ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরির করে ২০১৮ সালে নির্মিত ৭৬ লাখ টাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। নতুন ভবনকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে সরকারি সম্পদ ভেঙে নেওয়ার চেষ্টার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুয়া টেন্ডারের গ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম রয়েছে।
জানা গেছে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় অবস্থিত ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভেঙে ফেলার জন্য একটি চক্র উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে। গত ২২ জুন ২০২৬ তারিখে তৈরি ওই আদেশে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ৭৩৬।
ওই এলাকার রায়হান, জলিল, আবুল হোসেনসহ কয়েকজন জানান, কয়েকদিন আগে এলাকার লিটন ভবনটি ভেঙে নিয়ে যাওয়ার জন্য আসলে এলাকাবাসীর বাধার মুখে ভবনটি ভাঙতে পারেনি। তবে লিটন এলাকাবাসীকে জানিয়েছে সরকারি ভাবে ভবনটি ভাঙার টেন্ডার হয়েছে এবং ওই স্কুলের প্রধান শিক্ষকও ভবনটি ভাঙার সরকারি ভাবে টেন্ডার হয়েছে বলে জানান। এরপর গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর ওই স্কুলের দাতা সদস্যরা ভবনটি না ভাঙার জন্য লিখিত অভিযোগ প্রদান করেন।
তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা অফিসারের নির্দেশে আমি ভবনটি পরিত্যাক্ত দেখিয়ে একটি রেজুলেশন দিয়েছিলাম। পরে কি হয়েছে তা আমার জানা নেই।
এদিকে, ভুয়া চিঠিতে উল্লেখিত ব্যাক্তি ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমার নামে ভবন ভাঙার যে আদেশটি তৈরি করা হয়েছে এ সংক্রান্ত কোন কিছুই আমার জানা নেই।
লালমেহান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, এই বিষয়টি আমার জানা ছিলো না। তবে ইউএনও অফিস থেকে আমাকে এই বিষয়ে জানিয়ে এই সংক্রান্ত ফাইল তলব করা হয়েছে। আমি ফাইলটি ইউএনও অফিসে জমা দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক জানান, বিষয়টি আমি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে দেখা গেছে এ রকম কোন আদেশ দেয়া হয়নি এবং সরকারি পরিত্যাক্ত ভবনের উপজেলা কমিটিও এরকম কোন আদেশ দেয়নি। এছাড়া আদেশে ব্যবহৃত তাঁর স্বাক্ষর স্ক্যান করে ভুয়া আদেশ তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ