আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ সব মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ইতিমধ্যে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, রাজনৈতিক দল এবং ভুক্তভোগী পরিবারগুলোর কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের সম্মেলন কক্ষে তিনি এসব তথ্য জানান।
আমিনুল ইসলাম বলেন, চলতি সপ্তাহেই গণশুনানির কার্যক্রম শুরু করবে প্রসিকিউশন। প্রতি সপ্তাহে অন্তত একটি জেলায় গণশুনানি করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরুর কথা জানিয়ে জুলাইয়ের হতাহতদের পরিবার ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন চিফ প্রসিকিউটর।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনের গুমের ঘটনায় তদন্ত চলার কথাও জানান তিনি। এসব তদন্তের প্রতিবেদন দ্রুত দাখিল করা হবে বলে উল্লেখ করেন আমিনুল ইসলাম।
এ ছাড়া ২০২৪ সালের পাঁচ আগস্টের পর বিভিন্ন স্থানে আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং পালাতে সহযোগিতাকারীদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ