ভোলার ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবার দাবিতে এক মাসের অবস্থান কর্মসূচির পর এবার আমরণ অনশনে বসেছেন নয়ন খান (২৫)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশপথে এ কর্মসূচি শুরু করেন তিনি।
নয়ন খানের দাবি, উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে দ্রুত পূর্ণাঙ্গ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করতে হবে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সসংকট নিরসনসহ চার দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।
জানা গেছে, গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নয়ন। তাঁর এ দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন আরও তিন যুবক। তাঁরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের শিক্ষার্থী মো. তানজীল শরীফ।
নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর থেকেই হাসপাতালের বন্ধ থাকা আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে আন্দোলন শুরু করেন।
তিনি আরও জানান, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েও কার্যকর উদ্যোগ দেখতে পাননি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
নয়নের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।
এ বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হচ্ছে।
তিনি বলেন, আইসিইউ চালুর জন্য দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবল দরকার। কিন্তু হাসপাতালে বর্তমানে প্রয়োজনীয় জনবল নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। তবে আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও চিকিৎসক, নার্স ও সহায়ক জনবলের অভাবে ছয় শয্যার ইউনিটটি এখনো চালু করা সম্ভব হয়নি।
প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসাসেবার প্রশ্নে ভোলার এই দাবি এখন নতুন করে সামনে এসেছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ