মোঃ হাসনাইন আহম্মেদ।।
ভোলার লালমোহনে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি মো. আজগরকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে আজগরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে লালমোহন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নির্দেশনায় ভোলা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ