স্টাফ রিপোর্টার ॥ ভোলায় শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন ঘিরে প্রশ্ন ও ক্ষোভ দেখা দিয়েছে। শিশুদের খেলার মাঠ বাণিজ্য মেলার জন্য ব্যবহার করা কতটুকু যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক, হিরা ও নাফিজ আহম্মেদ এবং প্রাক্তন শিক্ষার্থী আকিল এ আয়োজন নিয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। তাদের প্রশ্ন, শিশুদের খেলাধুলার জন্য থাকা একমাত্র মাঠটি মেলার আয়োজনে ব্যবহার করা কতটা চুক্তিসংগত? এতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ বাধাগ্রস্ত হবে।
শিক্ষার্থীরা জানান, ডিসেম্বরে তাদের বার্ষিক পরীক্ষা। জানুয়ারীতে রয়েছে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা। মাঠে মেলা হলে তারা খেলবে কোথায় ? অন্যদিকে মাঠে মেলার আয়োজন করলে মাঠটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। মাঠে খেলা করতে গেলে হাত-পা কেটে যায়। শিক্ষার্থীরা মেলার স্থান পরিবর্তন করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁর কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। তিনি চিঠির জবাবে স্কুল কর্তৃপক্ষ-মাঠটি শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ, বার্ষিক পরীক্ষা ও নতুন বছরের বই বিতরণ এবং খেলাধুলার জন্য ব্যবহার করা হয় এই মর্মে তিনি জেলা প্রশাসক বরাবরে চিঠির জবাব দিয়েছে।
অন্যদিকে, মেলার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের প্রতিনিধি ও মেলার পরিচালক মাহাবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীর নাম উল্লেখ করে বলেন, তাদের সাথে কথা হয়েছে, তিনি সবাইকে নিয়ে বসবেন বলেও জানিয়েছেন।
শিশুদের খেলাধুলার অধিকার ও শিক্ষার পরিবেশ রক্ষায় মাঠটি ব্যবহারের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান ভোলার বাণীকে জানান, মেলার কোন অনুমতি দেয়া হয়নি। বিভিন্ন সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে, তথ্য পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ