লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যক্ষ মো. রুহুল আমিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট দেওয়ার ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন অধ্যক্ষ মো. রুহুল আমিন।
জানা যায়, অধ্যক্ষের প্রতিবেশী শাহ আব্দুল মোতালেব নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া, গাছপালা ও ঘরবাড়ির ক্ষতিসাধন, অগ্নিসংযোগ এবং প্রাণনাশের হুমকির মতো গুরুতর অভিযোগ তোলেন।
ওই পোস্টে তিনি উল্লেখ করেন, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে একটি রেইনট্রি গাছ কাটার ঘটনায় তাঁর গাছপালা ও ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এ ছাড়া গত ১৭ নভেম্বর সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে তাঁর পুকুরপাড়ের বেড়ায় থাকা জালে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করে ঘটনার সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয়দের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর ঘূর্ণিঝড়ে একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে। তবে ওই ঘটনায় ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিষয়টি তাঁদের জানা নেই। গাছটিযে অনেক পূর্বে পড়েছে তার প্রমান হলো এখন গোছের গোড়া থেকে শ্যাম বের হয়ে অনেক বড় হতে দেখা গেছে। অন্যদিকে, পুকুরপাড়ের বেড়ার জালে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কেও স্থানীয়দের কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। বসতবাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগের বিষয়টিও সরেজমিনে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শাহ আব্দুল মোতালেব তাঁর পাশের বাড়ির প্রতিবেশী। তাঁকে এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে জড়িয়ে ফেসবুকে যেসব অভিযোগ প্রচার করা হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, রাস্তার পাশে বেড়ার জালে আগুন লাগার ঘটনা সম্পর্কে স্থানীয় কেউ কিছু জানেন না। অথচ ওই ব্যক্তি ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করেছেন। বিষয়টি তাঁর কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
অধ্যক্ষ রুহুল আমিন বলেন, “আমি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা নিরপেক্ষভাবে বিষয়টি তদন্ত করে দেখুন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর বাস্তব কোনো ভিত্তি আছে কি না, তা যাচাই করুন। কোনো পক্ষের প্ররোচনায় নয়, প্রকৃত ঘটনা তুলে ধরাই হোক সবার দায়িত্ব।”
তিনি আরও জানান, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁর ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করা হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন।
এদিকে, শাহ আব্দুল মোতালেবের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফলে তাঁর অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো গুরুতর অভিযোগ প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদন্তের মাধ্যমেই এ ঘটনার প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ