ভোলার চরফ্যাশনে আগাম তরমুজ চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আধুনিক মালচিং পদ্ধতি ও উন্নত জাতের বীজ ব্যবহার করে তরমুজ আবাদে ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। গত বছরের তুলনায় চলতি মৌসুমে উপজেলায় আগাম তরমুজের আবাদ বেড়েছে প্রায় ১০ গুণ। ফলনও হয়েছে আশাব্যঞ্জক।
তেঁতুলিয়া নদীর তীরবর্তী বালুমাটিতে মালচিং পদ্ধতিতে আগাম তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় বৃষ্টির ঝুঁকি মোকাবিলা করে উন্নত জাতের তরমুজ উৎপাদনে সাফল্য পাচ্ছেন তারা।
১৫ একর থেকে আবাদ বেড়ে ১০০ একর
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর চরফ্যাশনে মাত্র ১৫ একর জমিতে আগাম তরমুজের আবাদ হয়েছিল। চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ একরে। কৃষি বিভাগের কারিগরি পরামর্শ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জানান, চলতি বছর আগাম জাতের তরমুজের ফলন অত্যন্ত ভালো হয়েছে। গত বছরের তুলনায় আবাদি জমির পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে কৃষকরা আগাম তরমুজ চাষে ভালো ফলাফল পাচ্ছেন।
একরপ্রতি লাভের আশা ২ থেকে ৩ লাখ টাকা
চরফ্যাশনে চাষ হওয়া আগাম তরমুজের উল্লেখযোগ্য জাতের মধ্যে রয়েছে সুপার কিং, থাই কিং, থাই সুপার, নিউ সুপার, গ্রেড ওয়ান ও আর্লি ওয়ান। এসব জাতের তরমুজ বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়ার আশা করছেন কৃষকরা।
কৃষকদের দেওয়া তথ্যমতে, প্রতি একর জমির তরমুজ প্রায় ৫ লাখ টাকায় বিক্রি করা যাচ্ছে। উৎপাদন খরচ বাদ দিয়ে একরপ্রতি ২ থেকে ৩ লাখ টাকা লাভের সম্ভাবনা রয়েছে। এ কারণে আগাম তরমুজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে।
তরমুজ চাষি আলাউদ্দিন, জামাল ও ছগির জানান, ‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় চরের জমিতে আগাম তরমুজসহ উচ্চমূল্যের বিভিন্ন ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রদর্শনী কার্যক্রমের আওতায় উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হচ্ছে। এসব সহযোগিতা কাজে লাগিয়ে তারা ভালো ফলন ও লাভের মুখ দেখছেন।
কৃষক মামুন বলেন, বড় ধরনের ঝড়-বৃষ্টি না হলে এবার তরমুজ চাষে ভালো লাভ হবে বলে আশা করছেন। তবে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
আরেক কৃষক রহিম জানান, গত বছর ২০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ৪০ শতাংশ জমিতে আবাদ করেছেন। এবারও ফলন ভালো হচ্ছে। শিলাবৃষ্টি বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো লাভের আশা করছেন তিনি।
আগাম আবাদে বাজার ধরার সুযোগ
কৃষকরা জানান, সাধারণত মৌসুমে একসঙ্গে বিপুল পরিমাণ তরমুজ বাজারে আসায় সরবরাহ বেড়ে যায়। এতে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং অনেক সময় লোকসানের ঝুঁকিতে পড়তে হয়। তবে আগাম তরমুজ চাষের ফলে মৌসুম শুরুর আগেই বাজার ধরার সুযোগ তৈরি হয়েছে। মালচিং পদ্ধতিতে চাষ করায় উৎপাদন খরচ তুলনামূলক কমেছে এবং ফলনও ভালো হচ্ছে।
কৃষক ও স্থানীয়দের আশা, কৃষি বিভাগের কারিগরি সহায়তা, উন্নত জাতের বীজ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকলে চরফ্যাশনে আগাম তরমুজের আবাদ আরও বাড়বে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি চরাঞ্চলের কৃষিতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
সূত্র: https://www.kaleralo.com/country//395426
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ