পরিবেশের ভারসাম্য রক্ষা, ফলদ বৃক্ষের আবাদ বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ভোলায় ৬০০ উপকারভোগীর মধ্যে ১ হাজার থাই জাম্বুরার (বাতাবিলেবু) চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ভেলুমিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নে এগ্রো-মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের আওতায় সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সিনিয়র সহকারী পরিচালক আবিদ হাসান। জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির উপপরিচালক অরুন কুমার সিংহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী। এ সময় প্রকল্পের কারিগরি কর্মকর্তা মৎস্যবিদ মাহাফুজুর রহমান রাহাত, সহকারী কারিগরি কর্মকর্তা রিপন দাশ, শাখা ইনচার্জ জহিরুল ইসলামসহ জিজেইউএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপ্রসাদ গ্রামের ৬০০ উপকারভোগীর মধ্যে মোট ১ হাজার থাই জাম্বুরার (বাতাবিলেবু) চারা ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফলদ বৃক্ষের আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টিচাহিদা পূরণে সহায়তা এবং নতুন ক্লাস্টারভিত্তিক ভ্যালু চেইন হাব উন্নয়নের মাধ্যমে ফলের গ্রাম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং উপকারভোগীদের বৃক্ষরোপণে উৎসাহিত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ