দৌলতখান প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে স্বামীর কাছে পাওনা টাকা ফেরত চাওয়ায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্ত্রী রাজিয়া দৌলতখান থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের বড় বাড়িতে গিয়ে ভুক্তভোগী রাজিয়ার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ভুক্তভোগী স্ত্রী রাজিয়া জানান, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে হরমুজল হকের সঙ্গে তাঁর বিয়ে হয়। হরমুজল হকের দ্বিতীয় স্ত্রী তিনি। রাজিয়ার আগের সংসারে একটি মেয়ে রয়েছে। বিয়ের আগে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
রাজিয়া অভিযোগ করে বলেন, বিয়ের পর স্বামীর ব্যবসার জন্য নিজের ডিপিএস থেকে ৩ লাখ ১০ হাজার টাকা এবং চাকরি করে উপার্জিত আরও প্রায় ৩ লাখ টাকা বিভিন্ন সময়ে তার স্বামীকে দেন। সম্প্রতি আগের সংসারের মেয়ের বিয়ের খরচের জন্য ডিপিএসের ওই টাকা ফেরত চাইলে স্বামী তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
এছাড়াও তিনি আরও জানান, গত শুক্রবার স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসার পর পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তাকে ঘর থেকে বের না হওয়ায় টেনেহিচড়ে নির্যাতন করা হয়। ইতিপূর্বেও বিষয়টি নিয়ে দৌলতখান থানায় কয়েক দফা মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। তবে রাজিয়ার অভিযোগ অস্বীকার করে স্বামী হরমুজল হক বলেন, রাজিয়ার আগের সংসারের মেয়ের বিয়েতে তিনি দুই লাখ টাকা খরচ করেছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহান করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ