ভোলার বোরহানউদ্দিনে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে জসিম (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর পালিয়ে গেছেন অটোরিকশাচালক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ইদারার মোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলার মেশিনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার স্টেশন ইনচার্জ মো. খোরশেদ আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত জসিম (২৮) চরফ্যাশন উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম আলী আহম্মেদ মুন্সি।
দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন আমেনা বেগম (২০)। তাঁর বাড়ি লালমোহন পৌরসভার পাকা রাস্তার মাথায়। অপরজন হলেন হাবীব (৩২)। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তাঁদের শারীরিক অবস্থার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর সিএনজিচালক গাড়িটি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটির নিবন্ধন নম্বর ভোলা-থ-১১-০১৯৮।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোলার মেশিনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে তিনজন আহত হন। তাঁদের মধ্যে জসিম নামে একজনের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। আহত রয়েছেন আরও দুজন।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বোরহানউদ্দিনের বিভিন্ন সড়কে কিছু যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে যাত্রী ও পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে বেপরোয়া যান চলাচল বন্ধ, প্রশাসনের নিয়মিত নজরদারি এবং আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ