স্টাফ রিপোর্টার ॥
ভোলার বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন থানাধীন দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইস ভোলা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-হাওলাদার ট্রেডার্সের বাল্কহেডের মো. মিলন হাওলাদার (৪৯), মো. জামাল হাওলাদার (৪৫) ও মো. সাদ্দাম হাওলাদার (৩০); নিলয় বায়েজিদ-২ নামের বাল্কহেডের মো. সোহেল (২৬) এবং নূর ট্রেডার্সের ড্রেজারের মো. মহিউদ্দিন (৪৭)।
পরবর্তীতে ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক পাঁচজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, বালুখেকুদের হাত থেকে নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ