ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণে জরিমানা
ভোলায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ ১৬ নভেম্বর, সোমবার ভোলা বাসস্ট্যান্ড ও যুগীরঘোল এলাকায় অভিযান চালিয়ে ফুড গ্রেড ছাড়া রং ও ফ্লেভার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ এবং ট্রেড লাইসেন্স না থাকার দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এবং কৃষি বিপণন অধিদপ্তর, ভোলা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান, মোঃ আশরাফুল আলম ও মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে একটি প্রতিষ্ঠানে ফুড গ্রেড ছাড়া রং ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের প্রমাণ মেলে। এ অসংগতির জন্য ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অভিযোগে ১ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া বেকারি পণ্যে ফুড গ্রেড ছাড়া রং ও ফ্লেভার ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়।
অভিযানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভোলা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মোঃ ফয়জুল ইসলাম, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা কমিটির সভাপতি মোঃ সুলায়মান এবং ভোলা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসাইন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোলার স্টাফরাও অভিযানে অংশ নেন। ভোলা সদর থানার একটি পুলিশ দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে। জনস্বার্থে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ