লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত বিন সাদেক।
লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার ১০টি ইভেন্ট হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্টস, সাঁতার, ভলিবল ও টেবিল টেনিস।
উদ্বোধনের পরপরই ফুটবল ইভেন্টের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। প্রথম খেলায় মুখোমুখি হয় কালমা ইউনিয়ন ও লালমোহন ইউনিয়ন দল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারী, সদস্য তামিম মহাজন, গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম উদ্দীন মনু, দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, ওয়েস্টার্নপাড়া ক্রীড়া চক্রের সভাপতি শাহিন কুতুব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান রাহাদসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ আয়োজনের মধ্য দিয়ে লালমোহনের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ প্রতিযোগিতা এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ