উপকূলীয় জনপদের ইতিহাসে এক ভয়াল ও বিভীষিকাময় রাতের নাম ‘সিডর’। ২০০৭ সালের ১৫ নভেম্বর বৃহস্পতিবার প্রলয়ংকরী এই সুপার সাইক্লোন লণ্ডভণ্ড করে দিয়েছিল ভোলাসহ দেশের উপকূলীয় জেলাগুলোকে। সেই ভয়াল রাতের ১৯ বছর পেরিয়ে গেলেও ভোলার স্বজনহারা পরিবারগুলোর কান্না আজও থামেনি, কাটেনি ঘূর্ণিঝড় আতঙ্ক।
২০০৭ সালের সেই রাতে সিডরের তাণ্ডবে ভোলা সদর উপজেলাসহ চরফ্যাশন, মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় প্রাণ হারান ৪২ জন মানুষ। আহত হন হাজার হাজার বাসিন্দা। ঝড়ে বিধ্বস্ত হয় প্রায় ৫২ হাজার ঘরবাড়ি এবং ভেঙে যায় পাঁচ কিলোমিটার এলাকার বেড়িবাঁধ। সেদিন সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ১৫ জন জেলে। দীর্ঘ ১৯ বছরেও তাদের কোনো সন্ধান মেলেনি। ফিরে আসার কোনো সম্ভাবনা নেই জেনেও আজও পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনছেন নিখোঁজ জেলেদের স্বজনরা।
সিডরের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ, চরগাজী ও গাছালীমোড়, রাজাপুরের কন্দকপুর এবং ইলিশার চর আনন্দ এলাকা। এসব গ্রামের মানুষগুলো আজও সেই রাতের দুঃসহ স্মৃতি ও স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি। দিনটির কথা মনে পড়লেই আবেগ-আপ্লুত হয়ে পড়েন তারা।
ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের জেলে মো. মোস্তফা ও রোশনা বেগম দম্পতি সিডরে হারিয়েছিলেন তাদের দুই বছরের শিশুকন্যা রোজিনাকে। আদরের মেয়ের স্মৃতি আজও ভুলতে পারেননি তারা। মেয়ে হারানোর শোকে কেঁদে দিন কাটে তাদের। অশ্রুসজল চোখে রোশনা বেগম বলেন, হারিয়ে যাওয়া মেয়েটা এখন থাকলে অনেক বড় হতো। অন্যান্য ছেলে-মেয়ের মতো লেখাপড়া করতো।
স্বজন হারানোর বেদনার পাশাপাশি উপকূলবাসীর মনে এখনো বাসা বেঁধে আছে অজানা আতঙ্ক। আগামীতে ঝড় এলে কীভাবে তা মোকাবেলা করবেন সে কথাই ভাবছেন তারা। জেলে মো. মোস্তফা বলেন, এখনো কোনো বাতাস বা ঝড় দেখলে ভয় হয়। কোনদিন আবার সিডরের মতো হয়। ঝড় হলে যাওয়ার নির্দিষ্ট কোনো জায়গা নেই। তবে আগের তুলনায় চিত্র কিছুটা পাল্টেছে, তখন তেমন সাইক্লোন শেল্টার না থাকলেও এখন বেশ কয়েকটি রয়েছে।
ভেলুমিয়া ইউনিয়নের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ইউনুছ খান সেই রাতের স্মৃতিচারণ করে বলেন, সিডরের সে রাত এখনো মনে পড়লে আতঙ্কে শিউরে উঠি। এমন রাত জীবনে আর না আসুক। তবে সরকার এখনো উপকূলীয় জেলার মানুষের জন্য পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র তৈরি করেনি।
এ বিষয়ে ভোলা রেড ক্রিসেন্টের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত তসলিম জানান, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ভোলায় এখনো আরো অনেক সাইক্লোন শেল্টার প্রয়োজন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ