স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ক্রমেই সরগরম হয়ে উঠছে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নির্বাচনী মাঠ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে বাড়ছে নির্বাচনী আমেজ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম মিয়া।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদরাসা বাজারে এ সভার আয়োজন করা হয়। আলহাজ জাকারিয়া হাজীর সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন রাফসান জনির সঞ্চালনায় এতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম মিয়া বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চান তিনি। গড়ে তুলতে চান বৈষম্যহীন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত একটি ইউনিয়ন। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিশুদের খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি বরাদ্দ ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। উন্নত সড়ক যোগাযোগ ও অবকাঠামো নির্মাণেও গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
মতবিনিময় সভায় কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থী ও সমর্থকদের তৎপরতায় মুখর হয়ে উঠছে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নির্বাচনী পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ