ড. মো. আবু বকর।। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চরম নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। উপজেলার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০০টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক। ফলে একপ্রকার অভিভাবকহীন অবস্থায় চলছে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও সার্বিক পাঠদান কার্যক্রম। কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাঁধে, আবার কোথাও সহকারী শিক্ষকদের ঘাড়ে বাড়তি দায়িত্ব চাপিয়ে জোড়াতালি দিয়ে চলছে দৈনন্দিন কাজ। দীর্ঘদিনের এই শূন্যতার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক ব্যবস্থাপনা, তদারকি ও শিক্ষার পরিবেশ নিয়ে সচেতন মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শিশুদের ভবিষ্যৎ গড়ার সূতিকাগারগুলোতেই যখন নেতৃত্বের এমন সংকট, তখন প্রাথমিক শিক্ষার মান নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, বোরহানউদ্দিনের ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নিয়মিত প্রধান শিক্ষক রয়েছেন মাত্র ৫৬টিতে। অবশিষ্ট বিদ্যালয়গুলোর মধ্যে ২৪টিতে চলতি দায়িত্বে এবং ৭৬টিতে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা। নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলার পাশাপাশি শিক্ষাসংক্রান্ত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু প্রধান শিক্ষকই নন, বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক ও কর্মচারীর সংকটও প্রকট। উপজেলায় সহকারী শিক্ষকের মোট ৮৫৪টি পদের বিপরীতে কর্মরত আছেন ৭২৮ জন। ১২৬টি পদ শূন্য থাকলেও সম্প্রতি নতুন নিয়োগ পাওয়া ৩৭ জন সহকারী শিক্ষক শূন্য পদে যোগদান করেছেন বলে জানা গেছে। এছাড়া ১৫৬টি বিদ্যালয়ের বিপরীতে নৈশপ্রহরী কাম দপ্তরী পদে কর্মরত আছেন মাত্র ৬১ জন, যেখানে এখনও শূন্য রয়েছে ৯৫টি পদ।
দীর্ঘদিন ধরে এসব গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় বিদ্যালয় পরিচালনায় বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে একদিকে যেমন শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব বেড়েছে, অন্যদিকে ব্যাহত হচ্ছে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের যথাযথ তদারকি। শিক্ষক স্বল্পতার বাস্তব চিত্র তুলে ধরে চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদ তালুকদার বলেন, "আমাদের বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় চরম বিঘ্ন ঘটছে। শিক্ষক স্বল্পতার কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ধরে রাখাই এখন কঠিন হয়ে পড়েছে।"
শিক্ষকদের বঞ্চনার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, "২০০৯ সালের পর থেকে প্রাথমিকে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ রয়েছে। পদোন্নতিবঞ্চিত হয়ে অনেক সহকারী শিক্ষক একই পদ থেকে অবসরে যাচ্ছেন। উপজেলার প্রায় ১০০টি প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একধরনের স্থবিরতা বিরাজ করছে।" দ্রুত পদোন্নতির মাধ্যমে এসব শূন্য পদ পূরণে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়গুলোতে নিয়মিত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হলে প্রশাসনিক শৃঙ্খলার পাশাপাশি শিক্ষকদের কাজের সমন্বয় ঘটবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ বলেন, "আইনি জটিলতার কারণে এতদিন নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। তবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার; জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে খুব শিগগিরই প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ হবে বলে আমরা আশাবাদী।"
দীর্ঘদিনের এ সংকট নিরসনে দ্রুত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণ করা এখন সময়ের দাবি। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সহজ হবে বলে মনে করছেন শিক্ষানুরাগীরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ