দৌলতখান সংবাদদাতা ॥ ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরখলিফা ও চরপাতা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সেলিম (৬০) এবং চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল হাশেম (৫০)। সেলিমের বিরুদ্ধে এনজিওর নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) রাকিব জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে থানায় অগ্নিসংযোগ ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ