প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৬, ৯:১৮ পি.এম
ভোলায় ইটভাটায় এসআরবি’র অভিযান

ভোলায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করেছে এসআরবি-৮ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ লক্ষ টাকা জরিমানা করা হয়। শনিবার (১৪ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ও দুলারহাট থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসআরবি-৮ এর বরিশাল সদর দপ্তরের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ভোলার চরফ্যাশন উপজেলায় অপরিকল্পিতভাবে পরিচালিত ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে এসআরবি-৮ ভোলা ক্যাম্প ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় দক্ষিণ চর মানিকা এলাকার মেসার্স আকন ব্রিকস ও মেসার্স রাত্রি ব্রিকসে এবং ঘোষের হাট এলাকার মেসার্স জোসনা ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটা পরিচালনার বৈধ লাইসেন্স না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, বিভিন্ন লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধ ও অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট তিনটি ইটভাটা কর্তৃপক্ষকে সর্বমোট ৭ লক্ষ টাকা জরিমানা করেন, যা তাৎক্ষণিকভাবে নগদ আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটাগুলোর উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং প্রচলিত আইন ও বিধিবিধান বাস্তবায়নে এসআরবি-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ
© সর্বস্বত্ব সংরক্ষিত ভোলার বাণী ২০২২ ইং