আনিসুর রহমান:: দক্ষিণ আইচা প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কোস্টগার্ডের অভিযানে জব্দ করা ৪৯৩ বস্তা ইউরিয়া সার ও ৪০০ লিটার ডিজেল আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামে ৩ লাখ ৯৪ হাজার ৩৫৫ টাকায় বিক্রি করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে প্রতি বস্তা ইউরিয়া সারের সর্বোচ্চ দর ওঠে ৭৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের সর্বোচ্চ দর ওঠে ৮০ টাকা। সারের সর্বোচ্চ দরদাতা স্থানীয় ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির এবং ডিজেলের সর্বোচ্চ দরদাতা ব্যবসায়ী মুফিজুল ইসলাম। নিলামে মোট সাতজন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
কোস্টগার্ডের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা। এ সময় এসব সার ও ডিজেল জব্দ করা হয়।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবিরসহ স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের উপস্থিতিতে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে নিলাম সম্পন্ন করা হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ