লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি নামিয়ে ফেলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের নবগঠিত যুবদলের আংশিক কমিটির আহ্বায়ক মো. নুরনবী ও সহ-সাংগঠনিক সম্পাদক জামালের নেতৃত্বে গজারিয়া বাজারের ইউনিয়ন বিএনপি কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে এসব ছবি ও বিভিন্ন ব্যানার সরিয়ে ফেলা হয়।
সরেজমিনে গিয়ে ছবি নামিয়ে ফেলার সত্যতা পাওয়া গেছে। এ সময় কার্যালয়ের ভেতরে নামিয়ে রাখা ছবিগুলো চেয়ারগুলোর ওপর পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি বিভিন্ন পোস্টার ও ব্যানার বান্ডিল করে এক পাশে রাখা ছিল।
এ বিষয়ে বক্তব্য জানতে পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবদলের নবগঠিত আংশিক কমিটির আহ্বায়ক মো. নুরনবীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় গজারিয়া বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ছবি ও ব্যানার সরিয়ে ফেলার প্রকৃত কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য নেতাদের বক্তব্য জানা যায়নি।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ