নানান দিকে ছোটাছুটি শেষে ভোলার গ্যাস আনতে পাইলাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিষয়টিকে সঠিক পথ বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।
যদিও অনেকেই বিষয়টি নিয়ে এখনও সন্দিহান, কারণ বড় একটি চক্র এর পেছনে কলকাঠি নেড়ে যাচ্ছে। তাদের চাপে-টোপে নানান দিকে ছুঁটেছে এতোদিন। সহজ এবং লাভজনক ব্যবসার সুযোগ ছাড়তে চাইবে না প্রেসার গ্রুপটি।
সংশয়ের অন্যতম কারণ হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পেট্রোবাংলার রহস্যজনক ভূমিকা। ভোলায় উদ্বৃত্ত গ্যাস নিয়ে প্রায় তিন দশক ধরে একেক সময় একেক দিকে ছুঁটছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। কখনও সিএনজি, কখনও এলএনজি, আবার কখনও পাইপলাইনের পেছনে ছুটতে দেখা গেছে।
বিগত আওয়ামী লীগ সরকার তার ঘনিষ্ঠ একটি কোম্পানির সঙ্গে দৈনিক ৫ মিলিয়ন সিএনজি আকারে আনার চুক্তি করে বিনা দরপত্রে। তখন নির্বাহী আদেশে গ্যাসের দাম ১৭ টাকা এবং পরিবহন ও অন্যান্য খরচ বাবদ ৩০.৫০ টাকাসহ ৪৭.৫০ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি পড়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেই এলএনজি আকারে আনার রোডম্যাপ ঘোষণা করে। কয়েক দফায় ফিল্ড ভিজিটসহ অগ্রাধিকার দিয়ে নানান কর্মকাণ্ড পরিচালনা করা হয়। সে সময়ে বেশকিছু দেশী-বিদেশি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়ে চিঠি দেয় মন্ত্রণালয়ে। তবে পরিবহন খরচসহ সার্বিক বিবেচনায় ভাটা পড়লে শুরু হয় পাইপলাইনের তোড়জোড়। নতুন সরকার ক্ষমতাসীন হলে ফের এলএনজি আকারের আনার তোড়জোড় দেখা যায়।
‘সহজ পথ ছেড়ে, বিপজ্জনক ও ব্যয়বহুল পথে পেট্রোবাংলা’ শিরোনামে খবর প্রকাশ করে বার্তা২৪.কম। এরপর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। পেট্রোবাংলার কেউ ভোলা থেকে এলএনজি আনার পক্ষে না। এমনকি কোন বিতরণ কোম্পানির লোকজনও এটার পক্ষে না বলে জানানো হয়। সেই প্রতিক্রিয়ায় প্রকাশ করে বার্তা২৪.কম। ওইসব রিপোর্টে কারা কলকাঠি নাড়েন, কেনো নাড়েন! তাদের লাভ কি! আবার রাষ্ট্রের লোকসানের বিস্তারিত তুলে ধরা হয়। এতে বদলে যেতে থাকে দৃশ্যপট।
অবশেষে ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। যেকোনো বিকল্পের চেয়ে পাইপলাইন সবচেয়ে কার্যকর বিকল্প বলে দাবি করেছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলার এক কর্মকর্তা কাছে প্রশ্ন ছিল, তাহলে এতোদিন নানান দিতে ছুটলেন কেনো। নাম প্রকাশ না করার শর্তে বার্তা২৪.কমকে বলেন, বিষয়টি উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছিল। ব্যবসায়ীরা গিয়ে মন্ত্রণালয়ে কথা বলেন, আর মন্ত্রণালয় আমাদের উপর ফরমান জারি করে। শুধু পাইপলাইন নয়, অনেক ক্ষেত্রে এমন নির্দেশনা পালন করতে বাধ্য হয়েছি আমরা। ৬৬ কোটি টাকায় যে শ্রীকাইল-৪ কূপ খনন করতে চেয়েছি, অথচ চাপ দিয়ে বিদেশি কোম্পানির জন্য ২০০ কোটি টাকার ডিপিপি করানো হয়েছে।
ভোলা-বরিশাল ৯৬ কিলোমিটার পাইপলাইনের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। বরিশাল-খুলনা ১০৫ কিলোমিটারের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। আগামী তিন মাসের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হবে। সরকারের অনুমোদন পেলে দুটি আলাদা দরপত্রের মাধ্যমে কাজ এগিয়ে নিতে চায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। আগামী তিন বছরের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা নিবন্ধে বলা হয়েছে, ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করতে ১ হাজার ৯৩১ কোটি টাকা খরচ হতে পারে। আর বরিশাল-খুলনা পাইপলাইনের ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা। সব মিলিয়ে ২০১ কিলোমিটার পাইপলাইনে ব্যয় ৪ হাজার ১৩১ কোটি টাকা।
পাইপলাইনের বিষয়ে বলা হয়, গ্যাস সরবরাহ করে খুলনার অব্যবহৃত তিনটি বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২৪৪ মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা যাবে। সরকারের রাজস্ব বাড়বে, বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখার দায় কমবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব বিবেচনায় নিয়েই পাইপলাইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে সিএনজি আকারে দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আনতে গেলে ১ হাজার ৬০০টি বিশেষ ট্রাক লাগবে। এলএনজি করে বিশেষায়িত আইএসও ট্যাংকারে করে আনলে ৭০০ ট্যাংকার লাগবে। এতে সড়কপথে চাপের পাশাপাশি সরবরাহের অনিশ্চয়তা আছে, এমনকি উৎপাদন হঠাৎ বন্ধ করতে হলে কূপের ক্ষতি হওয়ার ঝুঁকি আছে।
এলএনজি আকারে আনতে পরিবহন খরচ নির্ধারণের বিইআরসিতে চিঠি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই চিঠিতে পরিবহন খরচসহ এলএনজির দাম ৪৭.৫০ টাকা নির্ধারণে প্রস্তাব করা হয় পেট্রোবাংলার পক্ষ থেকে। তাতে মাত্র ৩০ মিলিয়নের বিপরীতে ৯ হাজার ৩০০ কোটি টাকার খরচ প্রাক্কলন করা হয়। অথচ কম খরচে স্থায়ী সমাধানের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছিল।
সিলেট অঞ্চলের পর দ্বীপ জেলা ভোলায় গ্যাসের বিশাল মজুদ রয়েছে বলে ধারণা করা হয়। ভোলা ইস্ট থেকে ভোলা নর্থের দূরত্ব ৪০ কিলোমিটার সেখানে গ্যাস পাওয়া গেছে। হাতিয়া ট্র্যাপে মুলাদি, বেগমগঞ্জ, সুন্দলপুর, ভোলা, সাঙ্গুসহ যতগুলো জায়গায় কূপ খনন করা হয়েছে সব জায়গায় গ্যাস পাওয়া গেছে।
দ্বীপজেলা ভোলাতে ৩টি গ্যাস ফিল্ড আবিস্কৃত হয়েছে। ৯টি কূপ খনন করা হয়েছে, যেগুলোর দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে ১৯০ মিলিয়ন ঘনফুট। স্থানীয় চাহিদার প্রেক্ষিতে কমবেশি ৭০ মিলিয়ন ঘনফুট উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি আরও ১৫টি কূপ খননের লক্ষ্যে কাজ করছে পেট্রোবাংলা। পাইপলাইন বাস্তবায়ন ও প্রস্তাবিত কূপগুলো খনন শেষ করলে সেখান থেকে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন বাড়ানো সম্ভব মনে করছে বাপেক্স।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ