মোঃ সজীব মোল্লা : মনপুরা।।১৯৭০ সালের ১২ নভেম্বর। উপকূলীয় মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রাণ হারান লাখ লাখ মানুষ। সেই ভয়াল রাতে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় প্রাণ হারান প্রায় ২৬ হাজার মানুষ। স্বজন হারানোর সেই বেদনা ৫৬ বছর পেরিয়েও ভুলতে পারেননি উপকূলের মানুষ। প্রতিবছর নভেম্বর এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি। তাই ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন মনপুরাসহ ভোলার সর্বস্তরের মানুষ।
১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল মনপুরা, ঢালচর, হাতিয়া, নিঝুম দ্বীপ, নোয়াখালী, ভোলা, দৌলতখান, চরফ্যাশন, লালমোহন, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম, বরগুনা ও মহেশখালীসহ বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ংকরী সামুদ্রিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস ‘গোর্কি’, যা ভোলা ঘূর্ণিঝড় নামেও পরিচিত।
প্রায় ১৫০ মাইল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় এবং ২০ থেকে ২৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে মুহূর্তেই মৃত্যুকূপে পরিণত হয় উপকূলীয় জনপদ। ভেসে যায় ঘরবাড়ি, গবাদিপশু, ফসলের মাঠ ও জনবসতি। প্রাণ হারান লাখ লাখ মানুষ। ভয়াবহ সেই দুর্যোগে ভোলা জেলাজুড়ে কয়েক লাখ মানুষের প্রাণহানির কথা বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। মনপুরায় প্রাণ হারান প্রায় ২৬ হাজার মানুষ।
আজও সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আঁতকে ওঠেন বেঁচে ফেরা মানুষ ও তাঁদের স্বজনেরা। অথচ দীর্ঘ ৫৬ বছরেও দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। তাই নিহতদের স্মরণ, উপকূলীয় দুর্যোগের ভয়াবহতা তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি দীর্ঘদিনের।
গত ১২ নভেম্বর ভোলা প্রেসক্লাব, চরফ্যাশন প্রেসক্লাব ও চরকুকরিমুকরিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব আয়োজনে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ করেন এবং দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। এ ছাড়া ভোলা কনটেন্ট ক্রিয়েটর মিডআপ সম্মেলনেও তরুণ অভিনেতারা একই দাবি তুলে ধরেন।
এরই ধারাবাহিকতায় আজ ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট ও বাংলা বাজার এলাকায় ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড় থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা সাংবাদিকদের ডেকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ভিডিও বক্তব্য ও পৃথক স্মৃতিচারণে তাঁরা সেদিনের ভয়াবহতার বর্ণনা দেন। একই সঙ্গে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি জানান।
ভয়াল ঘূর্ণিঝড় থেকে মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা মো. সরোয়ার উদ্দিন হাওলাদার, ডা. মানিক ও রাখাল চন্দ্র দাস সেদিনের ভয়াবহ স্মৃতিচারণ করে বলেন, সেদিন ছিল পবিত্র রমজান মাস। সকাল থেকেই আকাশের অবস্থা ছিল থমথমে। সন্ধ্যার পর থেকে বাতাসের গতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পানি উঠতে শুরু করে বাড়ির উঠানে।
তাঁরা স্ত্রী-সন্তান নিয়ে ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ গভীর রাতে প্রচণ্ড জলোচ্ছ্বাসে পুরো পরিবার ভেসে যায়। প্রাণ বাঁচাতে তাঁরা একটি খেজুরগাছ আঁকড়ে ধরে পানিতে ভাসতে থাকেন। ভোর হওয়ার পর গাছ থেকে নেমে বাড়িঘর, স্ত্রী-সন্তান ও স্বজনদের খুঁজতে থাকেন। কিন্তু কাউকেই আর খুঁজে পাননি। সেই স্মৃতি আজও তাঁদের তাড়া করে বেড়ায়।
সেদিনের আরেক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন মফিজা খাতুন। আকস্মিক জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার পর একটি কাঠের টুকরো আঁকড়ে ধরে টানা সাত দিন বঙ্গোপসাগরে ভেসে ছিলেন তিনি।
মফিজা খাতুন জানান, সাগরে ভেসে থাকার সময় লাখ লাখ মানুষের মৃতদেহ ভেসে যেতে দেখেছেন। দেখেছেন বাঁচার আকুতি নিয়ে মানুষের প্রাণপণ লড়াই। মানুষের সেই আর্তনাদ ও মৃত্যুর দৃশ্য আজও তাঁকে তাড়া করে বেড়ায়। পরে একটি বিদেশি জাহাজ তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সেখানে এক মাস চিকিৎসা নেওয়ার পর সরকারি উদ্যোগে তিনি মনপুরায় ফিরে আসেন।
১৯৭০ সালের সেই ভয়াল জলোচ্ছ্বাসে সাত দিন সাগরে ভেসে থেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা আরেক নারী ছিলেন রাহেলা খাতুন। তাঁর ছেলে সহকারী শিক্ষক আবদুর রব ও মিজানুর রহমান মায়ের কাছ থেকে শোনা সেই দুঃসহ স্মৃতির বর্ণনা দেন।
তাঁরা জানান, সেদিনের জলোচ্ছ্বাসে তাঁদের মা রাহেলা খাতুন দুই বোন ও এক ভাইকে হারান। ঘটনার সময় তাঁর বয়স ছিল ২৭ বছর। প্রাণ বাঁচাতে প্রথমে একটি খেজুরগাছে আশ্রয় নিয়েছিলেন তিনি। কিন্তু প্রবল বাতাস ও স্রোতের তোড়ে গাছ থেকে ছিটকে পড়েন। পরে খেজুরগাছের ডাল আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেন।
একপর্যায়ে ভেসে যাওয়া একটি কাঠের আলমারি ধরে অচেনা এক মানুষের সঙ্গে সাগরে ভেসে যান তিনি। আলমারির এক প্রান্তে ছিলেন রাহেলা খাতুন, অন্য প্রান্তে অচেনা ওই ব্যক্তি। এভাবে টানা সাত দিন সাগরে ভেসে থাকেন তাঁরা। এ সময় চারদিকে অসংখ্য পশু ও মানুষের মৃতদেহ ভাসতে দেখেন। দেখেছেন সাপসহ বিভিন্ন প্রাণীর বেঁচে থাকার লড়াই।
একপর্যায়ে দূরে একটি সামুদ্রিক জাহাজ দেখতে পেয়ে কাঠের টুকরার ওপর গামছা বেঁধে নেড়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তাঁরা। পরে একটি বিদেশি জাহাজ তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এক মাস চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে মনপুরায় ফিরে আসেন রাহেলা খাতুন।
ছেলে আবদুর রব জানান, মৃত্যুর আগ পর্যন্ত দুই বোন ও এক ভাইকে হারানোর বেদনা ভুলতে পারেননি তাঁর মা। প্রতিবছর নভেম্বর মাস এলেই সেদিনের ভয়াবহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়তেন তিনি। মায়ের মুখে শোনা সেই ঘটনাগুলো আজও তাঁদের হৃদয় ভারাক্রান্ত করে।
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞের চিত্র পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। চিত্রশিল্পীরাও তাঁদের তুলিতে তুলে ধরেন উপকূলের মানুষের দুর্দশা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত মনপুরার জনপদ পরিদর্শন করে সেখানকার মানুষের দুর্দশা দেখে বিখ্যাত চিত্রকর্ম ‘মনপুরা-৭০’ আঁকেন। ঐতিহাসিক এই চিত্রকর্মটি বর্তমানে জাদুঘরে সংরক্ষিত রয়েছে।
এদিকে ১২ নভেম্বর সরকারিভাবে দিবসটি পালন ও রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বেসরকারিভাবে এবং নিজেদের উদ্যোগে দিনটি পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার বাসিন্দারা।
এ বিষয়ে মনপুরার হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সমাজসেবক আবির হাসান আবিদ, ডা. হারুন হোসেন রিপন, ব্যবসায়ী শাকিল কাজী, সাংবাদিক সাকিল খান রাজু ও মেহেদী হাসান রাকিবসহ স্থানীয় অনেকে বলেন, ১৯৭০ সালের ভয়াবহ জলোচ্ছ্বাসে এই উপকূলের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষ করে মনপুরা পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। স্বজন হারানোর বেদনা আজও মানুষকে কাঁদায়।
তাঁরা বলেন, ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াবহ দুর্যোগের স্মৃতি উপকূলবাসীর হৃদয় থেকে মুছে যায়নি। নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানানো, নতুন প্রজন্মকে ইতিহাস জানানো এবং উপকূলীয় মানুষের দুর্যোগ-সচেতনতা বাড়াতে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করা জরুরি।
তাঁদের প্রত্যাশা, সরকার উপকূলবাসীর দীর্ঘদিনের এ দাবির প্রতি গুরুত্ব দিয়ে ১২ নভেম্বরকে জাতীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেবে। এতে ১৯৭০ সালের ভয়াল ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষের স্মৃতি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হবে এবং উপকূলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ