জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনীতি পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়াও মশাল মিছিলে "আপা আপা করিস না, তোদের আপা আসবে না", "আওয়ামী লীগের আস্তানা গুঁড়িয়ে দাও, ভেঙে দাও" ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভকারীরা বলেন, একজন সংসদ সদস্যের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান তারা।
এসময় ভোলা জেলা এনসিপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ