ভোলায় থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১০ বছর বয়সী শিশু মো. ইসমাইলকে এক ব্যাগ রক্ত দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি)। পাশাপাশি শিশুটির চিকিৎসায় নিয়মিত রক্তদানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সংগঠনটি।
ইসমাইল ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। তার বাবা পেশায় একজন জেলে। দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছেন তিনি।
ইসমাইলের মা জানান, দুই ছেলের মধ্যে ইসমাইল ছোট। জন্মের সাত মাস পর থেকেই তার থ্যালাসেমিয়া রোগ শনাক্ত হয়। এরপর থেকে ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন স্থানে নিয়ে ছেলের চিকিৎসা করিয়েছেন তারা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
ইসমাইলের বাবা জানান, ছেলের পেছনে প্রতি মাসে প্রায় দুই হাজার টাকার ওষুধ খরচ হয়। নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। এছাড়া প্রতি দুই থেকে তিন মাস পরপর তার শরীরে রক্ত দিতে হয়। সব মিলিয়ে চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা তাদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি) বলেন, “আজ আমি নিজে শিশু ইসমাইলকে এক ব্যাগ রক্ত দিয়েছি। পরবর্তী সময়ে আমাদের সংগঠনের যেসব স্বেচ্ছাসেবীর রক্তের গ্রুপ এ পজিটিভ, তাদের মাধ্যমে ইসমাইলকে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হবে। শিশুটির চিকিৎসায় আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।”
সংগঠনটির এমন মানবিক উদ্যোগে স্বস্তি ফিরেছে ইসমাইলের পরিবারে। শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ