ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের মাদরাসাসমূহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মাওলানা মোঃ মোবাশ্বিরুল হক নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও জেলা নজরুল বর্ষ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ কে এম ছালেহ্ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি আহমদ উল্যাহ আনছারী।
প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মোঃ বেলাতে হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন এবং নাজিউর রহমান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুন্নুর রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মোঃ ছাবেদ হোসেন।
প্রতিযোগিতায় মোট পাঁচটি ক্যাটাগরিতে ভোলা জেলার সকল উপজেলার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসার উপজেলা পর্যায়ে বাছাইকৃত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রতিযোগীরা আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ভোলা জেলার প্রতিনিধিত্ব করবেন।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ