দ্রুত সংকুচিত হতে থাকা ভূমির এই দেশে নগরায়নের যে অনিয়ন্ত্রিত উল্লম্ফন আমরা লক্ষ্য করছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত শনিবার প্রতিবছরের মতো পালিত হলো বিশ্ব নগর পরিকল্পনা দিবস। নানা আয়োজন আর প্রত্যয়ের মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও নিদারুণ ও হতাশাজনক বাস্তবতা হচ্ছে, এখন পর্যন্ত দেশের প্রায় ৮৪ শতাংশ এলাকা কোনো প্রকার মাস্টারপ্ল্যানের মধ্যেই নেই।
প্রকাশিত প্রতিবেদন বলছে, স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পার হলেও জাতীয়পর্যায়ে উপযোগী ও সমন্বিত স্থানিক কাঠামো তৈরি করা সম্ভব হয়নি। বরং উদ্বেগজনক বিষয় হলো, যে পৌনে ১৬ শতাংশ এলাকায় মহাপরিকল্পনার ছোঁয়া লেগেছে, এর একটি বড় অংশই আবার ফাইলের ভেতরে বন্দি থেকে গেজেটে রূপ নেওয়ার আগেই মেয়াদ হারিয়েছে। ফলে পৌরসভা ও জেলা শহরগুলো সম্প্রসারিত হচ্ছে কোনো দূরদর্শী ভাবনা ছাড়াই, আর রাজধানীসহ বড় নগরগুলো পরিণত হচ্ছে জঞ্জাল আর যানজটের বাসযোগ্যহীন নরকে।
বলা বাহুল্য, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের এই বিশাল ফারাককে প্রশাসনিক আমলাতন্ত্রের দুর্বলতা বলে দায় এড়ানোর সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে, আদতে এটি আমাদের উন্নয়ন দর্শনের এক মৌলিক ত্রুটি। এলজিইডির কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি ২৫০টি পৌরসভার মহাপরিকল্পনার মেয়াদ গেজেট প্রকাশের আগেই শেষ হয়ে যাওয়া-টাকার অপচয় ও অদক্ষতারই নমুনা। দৃশ্যমান যে, রাজধানীসহ বিশেষ উন্নয়ন অঞ্চলগুলোতে উন্নয়ন কর্তৃপক্ষের নকশা থাকলেও সড়ক, খালের সুরক্ষা এবং পানি ও বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে ওঠেনি। সিলেটে জলাভূমি ভরাট করে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন বন্ধ করা কিংবা ঢাকায় মাত্র দুই শতাংশ মানুষের কার্যকর পয়ঃবর্জ্য সুবিধার আওতায় থাকা প্রমাণ করে, অবকাঠামোগত উন্নয়ন ও নগর পরিকল্পনার মধ্যে কোনো মেলবন্ধন আজও তৈরি করা সম্ভব হয়নি।
আশার কথা, এমন এক নাজুক পরিস্থিতিতে সরকার সম্প্রতি ‘জাতীয় স্থানিক পরিকল্পনা’ উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি ‘স্থানিক পরিকল্পনা আইন-২০২৬’ কার্যকরের মাধ্যমে নতুন আইনি রূপরেখাও তৈরি করা হয়েছে, যা ইতিবাচক পদক্ষেপ বলা যায়। আগে যেখানে কোনো মাস্টারপ্ল্যান ভঙ্গ বা অপরিকল্পিত ভবন নির্মাণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অভাবে আইন ভাঙার মহোৎসব চলত, সেখানে উচ্ছেদ ও কাজ বন্ধ করে দেওয়ার মতো নতুন বিধিসমূহ আমাদের আশা জাগায়। তবে শুধু আইন তৈরি বা নতুন আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করলেই সংকটের সমাধান মিলবে না। প্রয়োজন আইনের কঠোর বাস্তবায়ন।
আমরা মনে করি, নগরমুখী মানুষের ঢল থামাতে হলে গ্রামাঞ্চলে কর্মসংস্থান ও উন্নত সেবা প্রদানের যে অঙ্গীকার করা হয়েছে, তার দ্রুত দৃশ্যমান বাস্তবায়ন ঘটাতে হবে। পাশাপাশি নগর উন্নয়ন অধিদপ্তরকে (ইউডিডি) আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করে ক্ষমতার সংহতকরণ নিশ্চিত করা এবং স্থানীয় সরকার দপ্তরগুলোর সঙ্গে স্পষ্ট জবাবদিহিতার কাঠামো গড়ে তোলাও জরুরি।
পরিকল্পনা যেন শুধু আবাসন বা সড়ক তৈরির হিসাবনিকাশে আটকে না থেকে জলাভূমি, পরিবেশ ও জলবায়ু সহনশীলতাকে অগ্রাধিকার দেয়, তাও তদারকি করতে হবে। সর্বোপরি, নতুন স্থানিক আইনের অধীন শাস্তি ও উচ্ছেদের আইনি বাধ্যবাধকতাগুলো দল-মত নির্বিশেষে কঠোরভাবে প্রয়োগ করতে হবে, তা না হলে এই নতুন আইনও অতীতের মতো অকার্যকর হয়ে থমকে যেতে পারে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ