ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ মিডিয়া সেল, ভোলা সূত্রে জানা গেছে, জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পূর্ব ইলিশা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকায় কালা মিয়া ঘোষ বাড়ির সিরাজ মিয়ার গরুর ঘরের সামনের রাস্তা থেকে জনগণের সহায়তায় সুমনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় সুমনের পরনের লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনের জিপার ব্যাগে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ১.৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৫ হাজার ১০০ টাকা।
এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল আরও জানায়, মাদক নির্মূলে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ