এম লোকমান হোসেন, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু ও কয়সর আহমেদ কমল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান শাহীন।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিবস দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দিবসটি থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চর্চা জরুরি। নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার ফাঁকে ফাঁকে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এতে অনুষ্ঠানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ