চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন পৌরসভার প্রবেশ মুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে গড়ে তোলা হয়েছিল ভাগাড়। দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন পথচারী ও আশপাশের বাসিন্দারা। অবশেষে সেই ময়লার ভাগাড় সরিয়ে স্থানটিকে সবুজায়নের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। আবর্জনার স্তূপের জায়গায় গড়ে তোলা হয়েছে গ্রিন জোন। শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ গাছের চারা রোপণের মাধ্যমে এ গ্রিন জোনের উদ্বোধন করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার প্রবেশ মুখে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলা হতো। এতে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। ভোগান্তিতে পড়তেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই স্থানে ময়লা ফেলা বন্ধ করে জায়গাটি বালু দিয়ে ভরাট করা হয়। পরে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।
এ উদ্যোগের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে পৌরসভার প্রবেশ মুখে ময়লা-আবর্জনা ফেলা হতো। এখন সেখান থেকে ময়লা সরিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে স্থানটিকে গ্রিন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। গাছের সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানটি সার্বক্ষণিক রক্ষণা-বেক্ষণ করা হবে।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ