ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কাতল মাছ।
শনিবার ভোলার ইলিশা মাছঘাটে বিক্রির জন্য আনা হলে নদীর তাজা ও বিশালাকৃতির মাছটি দেখতে স্থানীয় জনতা ও ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা যায়।
পরে উন্মুক্ত নিলামে ১৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়েছে বলে জানান আড়তের সত্তাধিকারী ও বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সাহাব-উদ্দিন ফরাজী।
তিনি বলেন, শনিবার ভোরে স্থানীয় জেলে হানিফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য নদী তীরবর্তী ঘাটে নিয়ে আসেন তিনি। পরে নিলামে মাছটি জামাল কোম্পানি নামে এক ক্রেতা কিনে নিয়েছেন।
সাহাব-উদ্দিন ফরাজী আরও বলেন, প্রজনন মৌসুমে মাছকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া এবং ছোট মাছ বা পোনা মাছকে স্বাভাবিকভাবে বড় হওয়ার সময় দিলে নদীতে এমন বিশালাকৃতির মাছের প্রাচুর্য আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেরা এখন সুফল পেতে শুরু করেছেন। এমন কাতল মাছ ছাড়াও জেলেদের জালে বড় আকারের ইলিশ ও পাঙ্গাশ ধরা পড়ছে।
নদীতে মাছের উৎপাদন বাড়াতে ভবিষ্যতেও জেলেরা নিষেধাজ্ঞা মেনে চলবেন বলে আশা প্রকাশ করেন তিনি
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ