স্টাফ রিপোর্টার ॥
এইচএসসি পরীক্ষার ফলাফলে ভোলা সদর উপজেলায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাসের হার ৭৯ দশমিক ১৭ শতাংশ। উপজেলার ১৮টি কলেজের ফলাফলের পরিসংখ্যানে প্রতিষ্ঠানটি প্রথম স্থান অর্জন করেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয় থেকে এ বছর ২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৯ জন। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। অন্যদিকে, ভোলা সরকারি কলেজ থেকে সর্বোচ্চ ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬৪০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। কলেজটির পাসের হার ৭৪ দশমিক ৯৪ শতাংশ। ভোলা সরকারি মহিলা কলেজ থেকে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬১ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৬৪ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে চারজন।
এ ছাড়া কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, মানিক মিয়া আইডিয়াল কলেজ, নাজিউর রহমান কলেজসহ উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে প্রতিষ্ঠানভেদে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ভিন্নতা দেখা গেছে।
উপজেলার সামগ্রিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, মোট ১৮টি কলেজ থেকে ৩ হাজার ১২০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৩১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। সামগ্রিক পাসের হার ৫৩ দশমিক ৯৩ শতাংশ।
ফলাফলে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়ের শীর্ষস্থান অর্জন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতেও এ সাফল্য ধরে রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ