ভোলায় মাদক, অনলাইন জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে জাগরণ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোলা সদর উপজেলার ইলিশা মাদ্রাসার হাট এলাকার বাঘার হাওলা নেছারিয়া দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ও সংগীতশিল্পী মনিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবার মানবতার দুয়ারের মনিরুল ইসলাম। এ সময় জাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহনাজ বেগম চিনু, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক হান্নান, অর্থ সম্পাদক মোঃ জোবায়েদ আহমেদ বাপ্পি এবং সদস্য রকি, শিমা, মুক্তা ও রিহাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন, অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। পাশাপাশি একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জাগরণ ফাউন্ডেশনের স্লোগান— ‘জাগো, গড়ো, বদলাও’।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ